আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা : ৮ মাস পর রহস্য উদঘাটন

Printed Edition

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর মহাদেবপুর উপজেলার পাতনা গ্রামে গৃহবধূ নাজমা খাতুন (২৪) মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা থাকলেও সিআইডির অধিকতর তদন্তে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে উঠে এসেছে। এ ঘটনায় নিহতের স্বামী ময়জুল ইসলাম (৩২) আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দী দিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২ অক্টোবর সন্ধ্যায় শ্বশুরবাড়িতে নাজমা খাতুনের মৃত্যু হয়। ঘটনার পর স্বামী ও তার পরিবারের সদস্যরা স্বজনদের জানান, নাজমা ঘরের তিরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

এ ঘটনায় নিহতের ভাই শাহিন নারী ও শিশু নির্যাতন দমন আইনে মহাদেবপুর থানায় মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আদালতে অভিযোগপত্র জমা দেয়। তবে এতে অসন্তুষ্ট হয়ে বাদি নারাজি আবেদন করলে আদালত মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব সিআইডিকে দেন।

সিআইডি সূত্র জানায়, তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন, আলামত বিশ্লেষণ এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে বেশ কিছু অসঙ্গতি খুঁজে পান। পরে আদালতের অনুমতিতে ময়জুল ইসলামকে তিন দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

রিমান্ডে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। পরবর্তীতে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।