ঢাকার ডিসির উদ্যোগে চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ

Printed Edition

বাসস

ঢাকা জেলা প্রশাসনের সেবাকে আরো সহজ, দ্রুত ও জনবান্ধব করতে জেলা প্রশাসক ফরিদা খানমের উদ্যোগে চালু হয়েছে ‘হ্যালো ডিসি’ মোবাইল অ্যাপ।

গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করা হয়। এর মাধ্যমে সাধারণ নাগরিকরা ঘরে বসেই জেলা প্রশাসনের বিভিন্ন সেবা, অভিযোগ, আবেদন ও তথ্য এক প্ল্যাটফর্মে পাবেন।

প্রাথমিকভাবে এই অ্যাপটি যবষষড়ফপ.নফ থেকে ডাউনলোড করা যাবে। গুগল প্লে স্টোরে রিভিউ শেষে অ্যাপটি প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকেও ডাউনলোড করা যাবে। এ ছাড়া জেলা প্রশাসন ঢাকার অফিসিয়াল ফেইসবুক পেইজ থেকেও অ্যাপটি ডাউনলোড করে সেবা নেয়া যাবে। ০১৯৬১৬০৬০৬০ নাম্বারটিতে সরাসরি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কল করা যাবে।

জেলা প্রশাসন জানায়, ‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে নাগরিকরা সরাসরি জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করতে পারবেন। ভূমি, আইনশৃঙ্খলা, ত্রাণ, সামাজিক নিরাপত্তা, লাইসেন্স, জনঅভিযোগসহ বিভিন্ন বিষয়ে আবেদন, অভিযোগ ও পরামর্শ পাঠানোর সুযোগ থাকবে। পাশাপাশি আবেদনের অগ্রগতিও অ্যাপ থেকেই পর্যবেক্ষণ করা যাবে।

জানা গেছে, এখন থেকে এই অ্যাপের মাধ্যমেই জেলা প্রশাসকের সাথে দেখা করার এপোয়েন্ট পাওয়া যাবে, এনজিও এবং লাইসেন্সিং সেবা, মিউটেশন, অর্পিত সম্পত্তি ও সহায়তাসহ নানা ধরনের নাগরিক সেবা এক অ্যাপেই মিলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের মাধ্যমে নাগরিকদের সময়, খরচ ও হয়রানি কমবে। জেলা প্রশাসনকে আরো স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী করতেই ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালু করা হয়েছে।

এ সময় ঢাকার বিভাগীয় কমিশনার মো: মনিরুজ্জামান মিঞা বলেন, নাগরিক সেবাকে সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে ‘হ্যালো ডিসি’ অ্যাপ একটি সময়োপযোগী উদ্যোগ। এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ জেলা প্রশাসনের সেবাকে মানুষের আরো কাছে পৌঁছে দেবে এবং সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।