ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হতে প্রস্তুত ব্রুক

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ড ক্রিকেটে নতুন টেস্ট অধিনায়ক কে হবেন এ নিয়ে আলোচনা তুঙ্গে। অধিনায়কত্ব থেকে বেন স্টোক সরে দাঁড়ানোর পর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন হ্যারি ব্রুক। তবে সিদ্ধান্ত এখনো বোর্ডের হাতে ছেড়ে দিয়েছেন এই ইংলিশ ব্যাটার। বিবিসি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে ব্রুক বলেন, ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক হওয়ার প্রস্তাব এলে তা ফিরিয়ে দেয়া কঠিন। তার ভাষায়, এটি হবে সম্মান ও গৌরবের বিষয় এবং আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সর্বোচ্চ অর্জন।

২৭ বছর বয়সী ব্রুক বর্তমানে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক এবং গত অ্যাশেজ সফরে স্টোকসের সহঅধিনায়কের দায়িত্বও পালন করেছেন। ফলে ইংল্যান্ডের ৮৩তম টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে তাকে এগিয়ে রাখা হচ্ছে। বিকল্প হিসেবে আলোচনায় আছেন সাবেক অধিনায়ক জো রুট।

তবে তিন সংস্করণেই নেতৃত্ব দেয়ার বিষয়টি সহজ নয় বলে স্বীকার করেছেন ব্রুক। তারপরও তিনি মনে করেন, যথাযথ পরিকল্পনা থাকলে তিন ফরম্যাটেই অধিনায়কত্ব সম্ভব। তার যুক্তি তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত না খেলায় সূচিতে কিছু সময় পান, যা ফিটনেস ও প্রস্তুতির কাজে লাগানো যায়।