খুলনা ব্যুরো
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে নিখোঁজ ব্যক্তিদের অবিলম্বে স্বজনদের কাছে ফিরিয়ে দেয়ার দাবিতে খুলনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার সংগঠন ‘অধিকার’ খুলনা ইউনিটের উদ্যোগে রোববার খুলনা প্রেস ক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন অধিকার খুলনা ইউনিটের ফোকালপারসন সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামান। কর্মসূচিতে বক্তারা বলেন, গুম হওয়া ব্যক্তিদের দ্রুত উদ্ধার এবং ফিরে আসা ভুক্তভোগীদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। নিখোঁজদের কেউ জীবিত না থাকলে রাষ্ট্রীয়ভাবে তাদের পরিবারকে সেই তথ্য জানাতে হবে। অন্যথায় দেশে আবারো বিচারহীনতার সংস্কৃতি ফিরে আসতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন বক্তারা।
কর্মসূচি থেকে নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের দুর্ভোগ লাঘবে গুম হওয়া ব্যক্তির স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তর ও ব্যাংক হিসাব পরিচালনার বিশেষ আইনি সুযোগ দেয়ার দাবি জানানো হয়। পাশাপাশি, ফিরে আসা ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং প্রস্তাবিত গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের বিতর্কিত ১৪ (৩) ও ২১ নম্বর ধারা সংশোধনের তাগিদ দেয়া হয়। গুমের অভিযোগ তদন্তের ভার আইনশৃঙ্খলা বাহিনীর পরিবর্তে স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনের হাতে দেয়ার দাবি তোলেন তারা।
মানববন্ধনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো: রাশিদুল ইসলাম, সুজন সাধারণ সম্পাদক এস কে তাসাদুজ্জামান, গণসংহতি আন্দোলনের আল-আমিন, গুম থেকে ফিরে আসা ব্যবসায়ী মো: ইমরান হোসেন এবং সাবেক ছাত্রদল নেতা এস এম মাহমুদুল হক টিটোসহ স্থানীয় মানবাধিকার কর্মীরা বক্তব্য দেন।



