ক্রীড়া প্রতিবেদক
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজকে সামনে রেখে দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল। ঘোষিত দলে চমক হিসেবে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত। দীর্ঘদিন পর টি-২০ দলে ফিরেছেন এই অলরাউন্ডার। এর আগে সবশেষ ২০২২ সালের নভেম্বরে টি-২০ বিশ্বকাপে অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে খেলেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে প্রত্যাবর্তনের পর এবার সংক্ষিপ্ত সংস্করণের দলেও জায়গা করে নিলেন তিনি।
চোট ও ব্যস্ততার কারণে এই সিরিজে নেই দলের নিয়মিত মুখ লিটন দাস। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজের পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টেও খেলতে পারেননি তিনি। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও থাকছেন না এই টপ অর্ডার ব্যাটার। দ্বিতীয় ওয়ানডেতে ফেরার সম্ভাবনা থাকলেও টি-২০ সিরিজে লিটনকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। তাঁর অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজে অধিনায়কত্ব করবেন তৌহিদ হৃদয়।
বিশ্রাম দেয়া হয়েছে পেসার তাসকিন আহমেদকেও। দল থেকে বাদ পড়েছেন শামীম হোসেন। ফিরেছেন অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এ ছাড়া ফেরানো হয়েছে ব্যাটার ইয়াসির আলীকেও। ওয়ানডে দলে সুযোগ পাওয়ার পর টি-২০তেও জায়গা ধরে রেখেছেন তরুণ অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন।
সিরিজের প্রথম টি-২০ আগামী ১৫ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ১৭ ও ১৯ জুলাই বাকি ম্যাচ দু’টি ম্যাচ। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।
বাংলাদেশের টি-২০ দল : তৌহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, সাইফউদ্দিন, আব্দুল গাফফার সাকলাইন।



