চীন সফরে যাচ্ছেন ট্রাম্প

Printed Edition

এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামীকাল বুধবার ১৩ মে তিন দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিং যাচ্ছেন। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও বৈশ্বিক ভূ-রাজনীতির টানাপড়েনের মধ্যে তার এই সফরকে বিশেষজ্ঞরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও বাণিজ্যিক বিষয়ে আলোচনা করবেন।

হোয়াইট হাউজ সূত্র জানিয়েছে, ট্রাম্পের এই সফরের প্রধান লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে চীনকে সরাসরি যুক্ত করা এবং ইরানের ওপর বেইজিংয়ের প্রভাব খাটিয়ে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা। ট্রাম্প মনে করেন, চীন যদি ইরান থেকে জ্বালানি তেল কেনা ও অন্যান্য বাণিজ্যিক সহযোগিতা কমিয়ে দেয়, তবে তেহরান মার্কিন শান্তি প্রস্তাব মানতে বাধ্য হবে। আলোচনার তালিকায় ইরানের পাশাপাশি রাশিয়া ও ইউক্রেন সঙ্কটও গুরুত্ব পাবে। বিশেষ করে রাশিয়া ও ইরানের কাছে চীনের দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য ও সামরিক সরঞ্জাম বিক্রির বিষয়টি শি জিনপিংয়ের কাছে কঠোরভাবে উত্থাপন করবেন ট্রাম্প। বাণিজ্যিক দিক থেকে দুই দেশের দীর্ঘ দিনের শুল্ক যুদ্ধ নিরসন এবং গত বছরের অক্টোবরে স্বাক্ষরিত বাণিজ্য বিরতির মেয়াদ বাড়ানোর বিষয়েও আলোচনা হতে পারে। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ঝুঁকি ও সামরিক ক্ষেত্রে এর ব্যবহার নিয়ন্ত্রণে একটি সাধারণ নীতিমালায় পৌঁছানোর চেষ্টা করবেন দুই নেতা।