১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা নাসিকের

Printed Edition

নারায়ণগঞ্জ প্রতিনিধি

করহার অপরিবর্তিত রেখে ২০২৬-২৭ অর্থবছরের জন্য এক হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। গত অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় নতুন বাজেটের আকার বেড়েছে ৩৫৬ কোটি ৩৮ লাখ ৭০ হাজার ১৯০ টাকা। সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় আমরা এত বড় রেকর্ড বাজেট ঘোষণা করতে সাহস পেয়েছি। তিনি এ বাজেট ঘোষণা করেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের অডিটোরিয়ামে তিনি বলেন, ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে এক হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকা এবং ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯৩০ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৪০২ টাকা। বছর শেষে ১৩০ কোটি ২৪ লাখ ৩২ হাজার ৭১০ টাকা উদ্বৃত্ত থাকার সম্ভাবনা দেখানো হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট ছিল ৭০৪ কোটি ৬১ লাখ চার হাজার ৩২২ টাকা। নতুন বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২১৪ কোটি ৭৫ লাখ ৯৬ হাজার ২০১ টাকা।

বাজেট উপস্থাপনকালে প্রশাসক বলেন, নতুন করে কোনো কর আরোপ করা হচ্ছে না; বরং করের আওতা ও পরিধি বাড়িয়ে, নতুন রাজস্ব উৎস চিহ্নিত করে, বিদ্যমান সম্পদের কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করে এবং রাজস্ব আদায়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে আয় বৃদ্ধি করা হবে। ছাদবাগান স্থাপনকারীরা বিদ্যমান ২৭ শতাংশ কর ছাড়ের পাশাপাশি অতিরিক্ত ২ শতাংশ কর ছাড়ের সুবিধাও পাবেন।

তিনি বলেন, নগরীর দীর্ঘদিনের যানজট নিরসনে ২ নম্বর রেলগেট থেকে চাষাঢ়া পর্যন্ত বিকল্প বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য নারায়ণগঞ্জ মহিলা কলেজের গেটসহ বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে এবং দরপত্র প্রক্রিয়া শেষে প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। পাশাপাশি বিবি রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক থেকে হকার অপসারণ ও পুনর্বাসনের কার্যক্রমও অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, পানির সঙ্কট মোকাবেলায় ৩০টি গভীর নলকূপ স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে। এর মধ্যে ৯টির কাজ চলছে এবং বাকি ২১টির দরপত্র প্রক্রিয়া শুরু হয়েছে। একই সাথে ২৭টি ওয়ার্ডে ধাপে ধাপে মোট ৫৪টি পাম্প স্থাপনের উদ্যোগও বাস্তবায়নাধীন রয়েছে।

বাজেট ঘোষণাকালে নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি অ্যাডভোকেট আবুল কালাম নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি, সুশাসনের জন্য নাগরিক নারায়ণগঞ্জের সভাপতি ধীমান সাহা জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।