নিজস্ব প্রতিবেদক
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি ড. আলী আফজালের পদটি শূন্য ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। গতকাল সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত পত্রে ঋণখেলাপি সংক্রান্ত জটিলতায় তার সভাপতি পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। রিহ্যাবের বর্তমান সিনিয়র সহসভাপতিকে উল্লেখ করে আদেশে বলা হয়েছে, ‘রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি মো: আলী আফজাল বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদন অনুযায়ী ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক ঋণখেলাপি হওয়ায় বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী তার সভাপতি পদ শূন্য হিসেবে ঘোষণা করা হলো।’
এ ব্যাপারে মো: আলী আফজালের বক্তব্য জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে রিহ্যাবের জনসংযোগ কর্মকর্তা এ ব্যাপারে কিছু বলতে চাননি।
প্রসঙ্গত, গত এপ্রিল মাসে রিহ্যাবের নির্বাচনে ২৩২ ভোট পেয়ে মো: আলী আফজাল নির্বাচিত হয়েছিলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত আদেশে রিহ্যাবের সিনিয়র সহসভাপতি মো: আব্দুর রাজ্জাকের নাম উল্লেখ করলেও সিনিয়র সহসভাপতি থেকে তিনি সভাপতির দায়িত্ব পাচ্ছেন কি না জানতে চাইলে মো: আব্দুর রাজ্জাক নয়া দিগন্তকে বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে সিনিয়র সহসভাপতিকে উল্লেখ করলেও আদেশে আর কিছু বলা হয়নি। অতএব আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না।’



