বগুড়ায় জামায়াতের সেমিনার

জুলাইয়ের সব শক্তিকে শহীদদের আকাক্সক্ষা বাস্তবায়ন করতে হবে

Printed Edition

বগুড়া অফিস

বগুড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে “জুলাই অভ্যুত্থান : সাম্প্রতিক ভাবনা” শীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন, চব্বিশের জুলাইয়ে ফ্যাসিবাদী দমননীতির বিরুদ্ধে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শ্রমজীবী সর্বশ্রেণীর মানুষ যেভাবে রাজপথে এক কাতারে দাঁড়িয়েছিল, ঠিক তেমনিভাবে মজবুত ঐক্য গড়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে। জুলাইয়ের সব শক্তিকে বিভেদ ভুলে শহীদদের আকাক্সক্ষা বাস্তবায়ন করতে হবে। গতকাল সোমবার বিকেলে শহরের নবাববাড়ীস্থ টিএমএসএস অডিটোরিয়ামে বগুড়া মহানগর ও জেলা জামায়াত আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ ও বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। সেমিনারে বক্তারা বলেন, চব্বিশের জুলাইয়ে ফ্যাসিবাদী দমননীতির বিরুদ্ধে রাজপথে এক কাতারে দাঁড়িয়েছিল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শ্রমজীবী সর্বশ্রেণীর মানুষ। শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা সেই গণ-আন্দোলন শুধু কোটা সংস্কারের দাবিতে সীমাবদ্ধ ছিল না বরং তা ছিল দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অবিচার, বৈষম্য ও দমন-পীড়নের বিরুদ্ধে একটি সাহসী জাতির সম্মিলিত প্রতিরোধ।