দ্রুত সিটি নির্বাচন দিয়ে নির্বাচিত প্রশাসনের হাতে দায়িত্ব দিন : সেলিম উদ্দিন

Printed Edition
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন মোহাম্মদ সেলিম উদ্দিন :  নয়া দিগন্ত
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন মোহাম্মদ সেলিম উদ্দিন : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

দ্রুত সিটি করপোরেশন নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত প্রশাসনের হাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দায়িত্ব তুলে দেয়ার দাবি জানিয়েছেন নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, এই শহরের সমস্যা জনবলের অভাবে নয়, দায়িত্ববোধের অভাবে।

গতকাল মঙ্গলবার রাজধানীর বারিধারায় ঢাকা মহানগরী উত্তরের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, গত ২৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে একযোগে ‘ক্লিন ঢাকা’ কর্মসূচি পরিচালনা করা হয়েছে। এ সময়ে খাল পরিষ্কার, জমে থাকা বর্জ্য অপসারণ ও দখল হয়ে যাওয়া ফুটপাথ উন্মুক্ত করার কাজ করা হয়।

তিনি জানান, সাত দিনের কর্মসূচিতে ২৯০টি খাল ও ড্রেন পরিষ্কার এবং প্রায় ২০৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। এতে ২৫ হাজার ৮২৮ জন স্বেচ্ছাসেবক অংশ নেন। এ ছাড়া ঢাকার বিভিন্ন স্থানে ২০টি স্মার্ট বিন স্থাপন করা হয়েছে।

সেলিম উদ্দিন বলেন, সাত দিনে ঢাকার সব সমস্যা সমাধান হয়ে যাবে- আমরা এমন দাবি করছি না। আমাদের উদ্দেশ্য ছিল, কাজটি যে সম্ভব, তা হাতে-কলমে দেখানো।

তিনি বলেন, একসময় যে খাল পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম ছিল, তা এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ফুটপাথে মানুষের হাঁটার কথা থাকলেও সেখানে দোকান বসেছে।

বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, বর্জ্যকে সম্পদে পরিণত করতে উন্নত রাষ্ট্রগুলোর কাছ থেকে প্রয়োজনীয় প্রযুক্তি ও সহযোগিতা নেয়া যেতে পারে। ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় ‘সিন্ডিকেট’ বন্ধ করারও দাবি জানান তিনি।

সরকারের সামাজিক সহায়তা কর্মসূচির সমালোচনা করে সেলিম উদ্দিন বলেন, ‘কার্ড নয়- কাজ চাই। মানুষকে দুর্বল বানানোর দরকার নেই। এ জাতি অন্যের কাছে হাত পাতবে কেন? তারা মাথা উঁচু করে কাজ করে জীবন পরিচালনা করতে চায়।’

তিনি ওয়ার্ডভিত্তিক জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি মাসে প্রতিটি ওয়ার্ডের বাজেট, ব্যয় ও কর্মসূচির তথ্য নাগরিকদের জন্য উন্মুক্ত করার দাবি জানান। একই সাথে নাগরিকদের ডিজিটাল মাধ্যমে অভিযোগ জানানোর এবং অভিযোগের অগ্রগতি জানার সুযোগ তৈরির আহ্বান জানান।

সিটি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন ও সরকারের প্রতি দ্রুত সিটি করপোরেশন নির্বাচনের আয়োজনের দাবি জানাচ্ছি। নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত প্রশাসনের হাতে নগরের দায়িত্ব তুলে দিতে হবে।’

প্রেস ব্রিফিংয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, মহানগরীর সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ইয়াসিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন এবং প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার উপস্থিত ছিলেন।