ফুলছড়ি (গাইবান্ধা) সংবাদদাতা
গাইবান্ধার ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্রসংশ্লিষ্ট ৯ কর্মকর্তাকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ড এ ঘটনাটিকে দায়িত্বে চরম অবহেলা হিসেবে উল্লেখ করে এ সিদ্ধান্ত নিয়েছে।
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বোরহান উদ্দিন স্বাক্ষরিত ২ জুলাইয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেয়া শিক্ষার্থীদের উত্তরপত্র বোর্ডে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়, যাতে যথাযথ মূল্যায়নের ব্যবস্থা নেয়া যায়।
অব্যাহতি পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস এম আসাদুল ইসলাম, ট্যাগ অফিসার মনোয়ার হোসেন এবং সাতজন কক্ষ পরিদর্শক।
শিক্ষা বোর্ড জানায়, কেন্দ্রটিতে অনিয়মিত পরীক্ষার্থী ছিল ১১ জন। কিন্তু ভুলবশত ৫০ জন নিয়মিত পরীক্ষার্থীকে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে বাংলা প্রথমপত্রের পরীক্ষা নেয়া হয়। বিষয়টি পরীক্ষা শেষে নিশ্চিত হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বোরহান উদ্দিন বলেন, জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্টদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেয়া শিক্ষার্থীদের উত্তরপত্র ইতোমধ্যে বোর্ডে জমা পড়েছে এবং সেগুলো যথাযথভাবে মূল্যায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



