শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো: খায়রুল ইসলাম সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার সিলেট সিটি করপোরেশনের নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে শাবিপ্রবি ভিসি অধ্যাপক ড. মো: খায়রুল ইসলাম এবং সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী পরস্পরের সাথে কুশল বিনিময় করেন এবং একে অপরকে ফুলেল শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে তারা শাবিপ্রবির শিক্ষা ও গবেষণাবান্ধব পরিবেশ বজায় রাখার বিষয়ে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
ভিসি অধ্যাপক ড. মো: খায়রুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সিলেট সিটি করপোরেশনের ধারাবাহিক সহযোগিতা কামনা করেছেন এবং সিসিকের আন্তরিকতার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তা সংস্কারের কাজ দ্রুত শুরু করার তাগিদ দেন। সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ভিসিকে নগর ভবনে স্বাগত জানিয়ে বলেন, শাবিপ্রবি সিলেটসহ সারা দেশের একটি অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের সার্বিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি করপোরেশন সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরো উল্লেখ করেন যে, সরকারি বিধি মোতাবেক অতি শিগগিরই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তা সংস্কারের কাজ শুরু করা হবে।



