জামালপুরের মেলান্দহ উপজেলায় বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশনের (বিআরএফ) উদ্যোগে প্যালিয়েটিভ কেয়ার রোগীদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। গত সোমবার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বেলতৈল এলাকায় জামিয়া সাজেদা আজিজিয়া মাদরাসা মাঠে এ ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ৫০ রোগীর মধ্যে এক হাজার ৫০০ টাকা মূল্যের ইফতার প্যাকেজ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিআরএফ ইয়ুথ ক্লাবের উপদেষ্টা ও জামিয়া সাজেদা আজিজিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ইউনুস আলী। বিআরএফ ইয়ুথ ক্লাবের সংগঠক মুফতি আবু জোবায়ের, সদস্য কাজী ইসমাঈল ও সোহেল রানা। ইফতার পেয়ে প্যালিয়েটিভ রোগী হাসনা বেগম বলেন, আমার কোনো ছেলে নেই। নাতিকে নিয়ে কষ্টে জীবনযাপন করি। আপনাদের এই সহায়তা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আল্লাহ যেন তাদের কাজ কবুল করেন।’ বিআরএফ ইয়ুথ ক্লাবের উপদেষ্টা ও জামিয়া সাজেদা আজিজিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ইউনুস আলী বলেন, ‘বিআরএফের প্যালিয়েটিভ কেয়ার কার্যক্রম একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। সমাজের অসহায় ও মুমূর্ষু মানুষের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে অন্যান্য সামাজিক কাজের চেয়ে অধিক মানবিক ও গুরুত্বপূর্ণ।’ বিআরএফ ইয়ুথ ক্লাবের সদস্য ও জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী ইসমাঈল বলেন, ‘বিআরএফের উদ্যোগগুলো সত্যিই প্রশংসনীয় ও ব্যতিক্রমী। প্যালিয়েটিভ রোগীদের নিয়ে এ ধরনের কার্যক্রম শুধু জাতীয় পর্যায়েই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারে।’ ভবিষ্যতে তাদের চিকিৎসা সহায়তাসহ সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তারা।’ মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা।
জামালপুরে প্যালিয়েটিভ কেয়ার রোগীদের মধ্যে বিআরএফের ইফতার বিতরণ
Printed Edition



