যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি কারখানায় ট্রাম্পের সম্মতি

Printed Edition

ডয়েচে ভেলে ও ইন্ডিয়া টুডে

যুক্তরাষ্ট্রের মাটিতে চীনা গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর উৎপাদন কারখানা গড়ে তোলার প্রস্তাবে কোনো আপত্তি নেই বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় শিবিরের আইনপ্রণেতা এবং দেশীয় গাড়িনির্মাণ শিল্পের বড় একটি অংশ মার্কিন বাণিজ্যিক সীমানায় চীনা অটোমোবাইল ব্র্যান্ডগুলোর প্রবেশের কড়া বিরোধিতা করে আসছে। সম্প্রতি ফক্স নিউজের ‘দ্য ইনগ্রাহাম অ্যাঙ্গেল’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকার প্রদানকালে ট্রাম্প উল্লেখ করেন, কোনো চীনা প্রতিষ্ঠান যদি মার্কিন যুক্তরাষ্ট্রে সরাসরি মূলধন বিনিয়োগের মাধ্যমে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করে গাড়ি উৎপাদন করতে চায়, তবে তাতে তার সমর্থন থাকবে। এর পেছনের যুক্তি হিসেবে তিনি জাপানি প্রতিষ্ঠানগুলোর উদাহরণ টেনে জানান, এসব বিদেশী উদ্যোগের ফলে মার্কিন নাগরিকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, যাকে তিনি সর্বাধিক প্রাধান্য দিচ্ছেন।

তবে মেক্সিকোর সীমানাকে কাজে লাগিয়ে উৎপাদিত চীনা গাড়ি যাতে মার্কিন বাজারজাতকরণের সুযোগ না পায়, সে বিষয়ে নিজের অনড় অবস্থান স্পষ্ট করেছেন ট্রাম্প। তিনি জানান, চীনা পণ্যের প্রতি ব্যক্তিগত কোনো বিদ্বেষ না থাকলেও মেক্সিকো থেকে শুল্কমুক্ত পথ ব্যবহার করে যুক্তরাষ্ট্রে গাড়ি পাঠানোর আইনি ফাঁকফোকর বন্ধ রাখতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। উল্লেখ্য, আগামী দুই সপ্তাহের মধ্যে ওয়াশিংটনে চীনের রাষ্ট্রপ্রধান শি চিনপিংয়ের সাথে ডোনাল্ড ট্রাম্পের এক দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে।