জামায়াত ঢাকার সব আসনে বিজয়ী হলেও তা কেড়ে নেয়া হয়েছে : নূরুল ইসলাম বুলবুল

Printed Edition
কোতোয়ালি দক্ষিণ থানা জামায়াতের শিক্ষাশিবিরে বক্তব্য রাখেন নূরুল ইসলাম বুলবুল এমপি :  নয়া দিগন্ত
কোতোয়ালি দক্ষিণ থানা জামায়াতের শিক্ষাশিবিরে বক্তব্য রাখেন নূরুল ইসলাম বুলবুল এমপি : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন, জামায়াতে ইসলামী ঢাকার সব ক’টি আসনে বিজয়ী হলেও মেটিকুলাস ডিজাইনে বিজয় কেড়ে নেয়া হয়েছে।

গতকাল শুক্রবার কোতোয়ালি দক্ষিণ থানা ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, হাজারো প্রতিকূলতা মোকাবেলা করে জামায়াতে ইসলামী জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে ছিল বলেই জনগণ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় বসাতে ভোট দিয়েছিল; কিন্তু সেই ভোট জালিয়াতি করে জামায়াতে ইসলামীকে মেইনস্ট্রিম হতে দেয়া হয়নি।

তিনি আরো বলেন, সমাজের মানুষের কাছে জামায়াতে ইসলামীর কর্মীদের মানবিক নেতৃত্বের ভাণ্ডার হিসেবে যে পরিচিতি রয়েছে, তা ধরে রাখতে হবে। তিনি বলেন, আল্লাহর সাহায্য ব্যতীত ইকামতে দ্বীনের দায়িত্ব পালন করা সম্ভব নয়। এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারলে আমানতের খেয়ানত হবে। তাই দায়িত্ব পালনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির বলেন, ইসলামী আন্দোলনের সংগঠন দাবি করা অনেক দল দ্বীন কায়েমের আন্দোলনের পরিবর্তে শুধু জামায়াতে ইসলামীর বিরোধিতা করেই যাচ্ছে। যেই ভাষায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ কথা বলতো একই ভাষায় তারাও কথা বলছে। তাদের ভাষা দেখেই জনগণ বুঝে গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর এদের মধ্যে কোনো পার্থক্য নেই।

কোতোয়ালি দক্ষিণ থানা আমির মো: মতিউর রহমানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো: ইকবাল হোসেনের পরিচালনায় মহানগরী কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. আব্দুল মান্নান, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও কামরুল আহসান হাসান।