খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের মতবিনিময় সভা সম্পন্ন

Printed Edition

খুলনা ব্যুরো

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে গতকাল শনিবার বিভাগীয় কমিশনার কার্যালয়ের অডিটোরিয়ামে আগামীর খুলনা বিনির্মাণে কেডিএ ও জনগণের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুই দফায় গোলযোগ, সভা বর্জন ও বিশৃঙ্খলা এবং প্রধান অতিথিসহ কয়েকজন অতিথির অনুপস্থিতি নিয়েই সভাটি শেষ হয়। সভার প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম এবং বিশেষ অতিথি খুলনা-৪ ও ৫ আসনের এমপি আজিজুল বারী হেলাল ও আলি আসগর লবির নাম লেখা ছিল, কিন্তু তারা আসেননি। পরে খুলনা-১ আসনের এমপি আমীর এজাজ খানকে প্রধান অতিথি ঘোষণা করা হয়। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. রেজাউল করিম, প্রোভিসি ড. হারুণ অর রশিদ খান, সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, নগর বিএনপির সাধারণ সম্পাদক ও ক্রিকেট বোর্ডের সদস্য শফিকুল আলম তুহিন, বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুণ, মেট্রোপলিটন পুলিশের কমিশনার জাহিদুল হাসান, জেলা প্রশাসক হুরে জান্নাত, পুলিশ সুপার তাজুল ইসলাম এবং সাংবাদিক দিদারুল আলম।

সভার সভাপতি কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা তার বক্তৃতায় সোনাডাঙ্গায় অবস্থিত বাস টার্মিনাল শহরের বাইরে রূপসা সেতু বাইপাসের পশ্চিম পাশে স্থানান্তর এবং বড় সড়কগুলো মেরামতসহ প্রকল্পসমূহ বাস্তবায়ন করে শিল্পনগরী থেকে আধুনিক ও বর্ধিষ্ণু খুলনা গড়ে তুলতে কেডিএ কাজ করছে। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু তার বক্তৃতায় জিয়া হল পুনঃনির্মাণের জন্য সরকার ৪১৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছে জানিয়ে খুলনার উন্নয়নে সবাই মিলে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।