বাসস
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা সময়সূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটিকে ‘সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস বা শেয়ার না করার জন্য শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক গণবিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সোস্যাল মিডিয়ায় আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির নামে একটি বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে, যেখানে বলা হয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২৭ জুলাই থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। এই তথ্যটি সম্পূর্ণ অসত্য। এ ধরনের কোনো বিজ্ঞপ্তির সাথে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম অথবা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির কোনো সংশ্লিষ্টতা নেই।
এ ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।



