চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের বলেছেন, দেশ এখন স্পষ্টত দুই ভাগে বিভক্ত। এক দিকে ১১ দলীয় জোট, আর অন্য দিকে অন্য একটি বড় দল। ১১ দলীয় জোটে রয়েছে দেশের শীর্ষস্থানীয় ইসলামী দলগুলো, বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব:) অলি আহমদ বীর বিক্রমের দল (এলডিপি), জুলাই বিপ্লবের সিপাহসালারদের দল এনসিপি এবং দুর্নীতি ও আধিপত্যবাদবিরোধী দেশপ্রেমিক শক্তি। এই জোটই বাংলাদেশের বেশির ভাগ মানুষের প্রকৃত প্রতিনিধিত্ব করে। ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষ এই জোটকেই সরকার গঠনের ম্যান্ডেট দেবে।
শনিবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ৫ আগস্ট বিপ্লবের পর সারা দেশে কারা টেন্ডারবাজি ও চাঁদাবাজিতে মেতে উঠেছিল, তা সবার জানা। যারা এই অপকর্মে অভ্যস্ত হয়ে পড়েছেন, তাদের দ্বারা দুর্নীতি দূর করা সম্ভব নয়। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার সদিচ্ছা থাকলে আমাদের আপত্তি নেই, কিন্তু তাদের বর্তমান আচরণে সে লক্ষণ নেই।
ডা: তাহের বলেন, বাংলাদেশ এখন এক চ্যালেঞ্জিং সময় পার করছে। আমরা কি ৫৬ বছরের পুরনো অন্ধকারের দিকে ফিরে যাব নাকি নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাব- সেই সিদ্ধান্ত হবে আগামী নির্বাচনে। তিনি প্রতিপক্ষকে ইঙ্গিত করে বলেন, ‘প্রথমে সংস্কারের প্রশ্নে তারা ‘না’ ভোটের পক্ষে ছিল, কিন্তু জনগণের চাপে এখন রূপ পাল্টে ‘হ্যাঁ’ বলছে। এক সময় তারা মৌলবাদের ধুয়া তুললেও এখন বলছে আল্লাহ-রাসূলের আদর্শে দেশ চালাবে। যারা ক্ষমতায় থাকাকালে দেশকে তিনবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন করেছিল, তাদের মুখে দুর্নীতিমুক্ত বাংলাদেশের কথা মানায় না।’
ইউনিয়ন জামায়াতের আমির ডা: মফিজুর রহমানের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মু: শাহজাহান, বিশিষ্ট আলেমে দ্বীন ড. মাওলানা আবুল কালাম আজাদ বাশার এবং চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান। এ ছাড়া সাবেক ভিপি সাহাব উদ্দিন, মুক্তিযোদ্ধা মোস্তফা নুরুজ্জামান খোকন, মীর হারুনুর রশীদ এবং খেলাফত মজলিসের মাওলানা শাহজালালসহ স্থানীয় জামায়াত-শিবির ও ১১-দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মোশাররফ হোসেন বাহার।



