লালমনিরহাট প্রতিনিধি
চাকরি দেয়ার নামে সাধারণ মানুষের লাখ লাখ টাকা আত্মসাতের সংবাদ প্রকাশ করায় দৈনিক নয়া দিগন্তের লালমনিরহাট জেলা প্রতিনিধি আশাদুল ইসলাম সবুজকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি ও গালিগালাজ করার অভিযোগ উঠেছে। হুমকিদাতা বাংলাদেশ রেলওয়ের কর্মচারী ও শ্রমিকলীগ নেতা মো: নয়ন বলে জানা গেছে। এই ঘটনায় গত বৃহস্পতিবার রাতেই জীবনের নিরাপত্তা চেয়ে লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই সাংবাদিক।
জিডি সূত্রে জানা গেছে, ভুক্তভোগী আশাদুল ইসলাম সবুজ লালমনিরহাট থেকে প্রকাশিত ‘নতুন বাংলার সংবাদ’ পত্রিকার সম্পাদক ও দৈনিক ‘নয়া দিগন্ত’ পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। অভিযুক্ত মো: নয়ন (৩৩) রেলওয়ের একজন কর্মচারী এবং লালমনিরহাট শহরের ওয়ারলেস কলোনি এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে ও রেলওয়ে শ্রমিকলীগ নেতা।
রেল কর্মচারী হওয়ার সুবাদে আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে নয়ন বিভিন্ন মানুষকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সম্প্রতি সাংবাদিক সবুজ অনুসন্ধানী সংবাদ প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত বৃহস্পতিবার রাতে আনুমানিক ১০:১১ মিনিটে অভিযুক্ত নয়ন সাংবাদিক সবুজকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় তিনি সাংবাদিকতা চিরতরে মিটিয়ে দেয়া এবং সময়মতো বুঝিয়ে দেয়ার হুমকি দেন।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাংবাদিককে হুমকির বিষয়ে একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য একজন অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। এদিকে একজন পেশাদার সাংবাদিককে সংবাদ প্রকাশের জেরে প্রকাশ্যে হুমকি দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন লালমনিরহাটের কর্মরত সাংবাদিকরা। তারা দ্রুত অভিযুক্ত রেল কর্মচারী নয়নকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।



