ক্রীড়া ডেস্ক
যুক্তরাষ্ট্রের ফুটবলের শীর্ষ লিগ এমএলএসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে মাত্র ১৪ বছর বয়সে অভিষেক ঘটিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। কম বয়সে অভিষেক হলেও অপেক্ষা করতে হয় গোল ও অ্যাসিস্টের জন্য। সেটিও পূর্ণ হলো চলতি মৌসুমে। মেজর লিগ সকারের চলমান আসরে বেশ দুর্দান্ত খেলছেনও তিনি। আর তাতে মাত্র ১৬ বছর ৩৩৬ দিন বয়সে ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে টানা চার ম্যাচে গোলে অবদানের রেকর্ড গড়লেন সুলিভান।
এমএলএসে গতকাল নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে ফিলাডেলফিয়ার ইউনিয়ন। সেই ম্যাচে একটি গোল করেছেন সুলিভান। প্রতিপক্ষ রেড বুলসের বক্সে ঢুকে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের বাধা টপকে জালে বল জড়িয়ে দেন তিনি। টানা দ্বিতীয় ম্যাচে গোল করার পাশাপাশি চলমান মৌসুমে ক্যারিয়ারের ৩৪তম ম্যাচে তিনি তৃতীয় গোল করলেন।
ম্যাচের ৫০ মিনিটে কাভানের করা গোলে ২-০ গোলে এগিয়ে যায় ফিলাডেলফিয়া। মেজর লিগ সকারের ইতিহাসে সুলিভান তৃতীয় খেলোয়াড়, যিনি কি না টানা চারটি ম্যাচে গোল বা অ্যাসিস্টের মাধ্যমে অবদান রেখেছেন।
তার দুই ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান অনূর্ধ্ব ২০ সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের সদস্য ছিলেন।



