তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী লাউড়েরগড়ে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ মিলিমিটার এবং জেলা সদরে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, চারাগাঁও, কলাগাঁওসহ প্রায় ২০টি ছড়া দিয়ে ভারত থেকে নেমে আসা ঢলের পানি প্রবল স্রোতে ভাটির দিকে নামছে। এতে সীমান্তবর্তী এলাকায় কয়েকটি বসতবাড়ি ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের তিনটি স্থানে পানি উঠলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে নিম্নাঞ্চলের কয়েকটি সড়ক তলিয়ে গেছে এবং কিছু বাড়িতে পানি প্রবেশ করেছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমদাদুল হক বলেন, উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার নদ-নদীর পানি আরো বাড়তে পারে। এতে নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক জানান, প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি ও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।



