নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্স

চিকিৎসক ও মেশিন সঙ্কটে ব্যাহত সেবা

Printed Edition

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র চিকিৎসক ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সঙ্কটে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা। এই সঙ্কটজনক পরিস্থিতির কারণে বর্তমানে জরুরি বিভাগ এবং বহির্বিভাগে নামমাত্র সেবা চালু থাকলেও বড় ধরনের কোনো চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ জুনিয়র কনসাল্ট্যান্ট (চর্ম ও যৌন, গাইনি ও অবস, সার্জারি এবং চক্ষু) পদগুলো শূন্য রয়েছে। এ ছাড়া জুনিয়র কনসাল্ট্যান্ট (অ্যানেসথেসিয়া) এবং অটোক্ল্যাভ মেশিন না থাকায় সিজারিয়ান অপারেশনসহ সাধারণ অস্ত্রোপচার দীর্ঘ দিন ধরে বন্ধ। ফলে চরম ভোগান্তিতে পড়ে দূর-দূরান্তে যেতে হচ্ছে রোগীদের।

কাগজে-কলমে ৩১ জন চিকিৎসকের মধ্যে ২০ জনের পদায়ন দেখানো হলেও বাস্তবে মাত্র ১২ জন কর্মরত আছেন। বাকি ১১টি পদ পুরোপুরি শূন্য। পদায়ন থাকা চিকিৎসকদের মধ্যে দু’জন জুনিয়র কনসাল্ট্যান্ট দীর্ঘদিন ধরে অননুমোদিত অনুপস্থিত। দু’জন নারী মেডিক্যাল অফিসার মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন এবং চারজন মেডিক্যাল অফিসার বছরের পর বছর ধরে প্রেষণে দেশের অন্য হাসপাতালে দায়িত্ব পালন করছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জয়নুল আবেদীন বলেন, সংযুক্তিতে থাকা চিকিৎসকদের সংযুক্তি বাতিলের জন্য বারবার লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্বাস্থ্য অধিদফতরকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো সমাধান মেলেনি। চিকিৎসক সঙ্কট কাটলে তবেই জনগণকে পূর্ণাঙ্গ সেবা দেয়া সম্ভব হবে।