সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা
গাইবান্ধার সাঘাটায় লাইসেন্সবিহীন একটি সেমাই কারখানায় অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও মজুদের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মতরপাড়া বটতলা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে কারখানার মালিক মাহামুদুর রহমান রনির বিরুদ্ধে লাইসেন্স ছাড়া ও অনুমোদনবিহীন রঙ মিশ্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়।
অভিযানকালে প্রায় ৫০ কেজি ভাজা সেমাই ও ২৫০ কেজি সেমাইয়ের খামির জব্দ করে জনস্বার্থে ধ্বংস করা হয়। সেই সাথে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অনুমোদনবিহীন খাদ্যদ্রব্য প্রস্তুতের দায়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিতে মাসব্যাপী বিশেষ অভিযান চলছে। ভেজাল ও অনুমোদনবিহীন উপাদান ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।



