ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
পাবনার ঈশ্বরদীতে উপজেলা ও পৌর বিএনপিতে বিবাদমান দুই গ্রুপের পাল্টাপাল্টি আহ্বায়ক কমিটি ঘোষণা ঘিরে চরম উত্তেজনা ও তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টুর অনুসারীরা আলাদা কমিটি প্রকাশ করেছে।
গত রোববার সন্ধ্যায় জাকারিয়া পিন্টু সমর্থিত গ্রুপ ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে। এতে উপজেলা কমিটিতে জাহাঙ্গীর আলমকে আহ্বায়ক ও সাহাবুদ্দিন সেন্টুকে সদস্যসচিব এবং পৌর কমিটিতে ইসলাম হোসেন জুয়েলকে আহ্বায়ক ও আনোয়ার হোসেন জনিকে সদস্যসচিব করা হয়। পিন্টু অভিযোগ করেন, আন্দোলন-সংগ্রামে ত্যাগীদের বাদ দিয়ে হাবিবুর রহমান গোপন আঁতাতের মাধ্যমে পকেট কমিটি করেছেন, যা রাজনৈতিক দেউলিয়াত্ব। এর আগে ১৬ আগস্ট জেলা আহ্বায়ক হাবিবুর রহমান স্বাক্ষরিত আংশিক কমিটিতে সাহাপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান জিয়াউল হক সন্টুকে উপজেলা আহ্বায়ক এবং মাহবুবুর রহমান পলাশকে পৌর আহ্বায়ক করা হয়েছিল।



