সিলেট থেকে ট্রেন যাবে জাফলং

রেলপথের সম্ভাব্যতা যাচাই এ মাসেই

Printed Edition
সিলেটের বিছানাকান্দি পর্যটন এলাকা পরিদর্শন করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী  : নয়া দিগন্ত
সিলেটের বিছানাকান্দি পর্যটন এলাকা পরিদর্শন করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী : নয়া দিগন্ত

সিলেট ব্যুরো

সিলেট থেকে গোয়াইনঘাটের পর্যটন স্পট ও পাথর কোয়ারি জাফলং পর্যন্ত ট্রেনলাইন চালুর উদ্যোগ নেয়া হয়েছে জানিয়েছেন স্থানীয় এমপি এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি জানিয়েছেন, এ মাসের মধ্যেই রেলওয়ের প্রকৌশলীরা সিলেট এসে এর সম্ভাব্যতা যাছাই করবেন। এরপর ফিজিবিলিটি স্টাডি হবে। সিলেট থেকে জাফলং পর্যন্ত ওয়াগন (ট্রেনের পণ্যবাহী কোচ) চালু হলে জাফলং-সিলেট রুটে সহজে ও কম খরচে পণ্য আনা নেয়া করা যাবে। এ ছাড়া পর্যটকসহ যাত্রীরা সহজে যাতায়াত করতে পারবেন।

বুধবার রাতে সিলেটের জিন্দাবাজারে সাংবাদিকদের এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

এ সময় ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতের কাজ সম্পর্কে মন্ত্রী বলেন, ভূমি অধিগ্রহণের সমস্যার কারণে এই কাজ আটকে ছিল। সার্ভেয়ার সঙ্কটের কারণে ভূমি অধিগ্রহণ দেরি হচ্ছিল। সম্প্রতি ভূমিমন্ত্রীর সাথে কথা বলে সিলেটে ছয় জন সার্ভেয়ার নিয়োগের ব্যবস্থা করেছি। আশা করছি, দ্রুতই ভূমি অধিগ্রহণ শেষ করে ঢাকা-সিলেট মহাসড়কের কাজ পুরোদমে শুরু হবে।

আরিফুল হক চৌধুরী বলেন, জৈন্তা গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জের যেকোনো জায়গায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণের ব্যাপারে আলোচনা চলছে। এটি নির্মাণ করা গেলে পুরো সিলেটবাসী উপকৃত হবেন। এ ছাড়া জাফলং, রাতারগুল, বিছনাকান্দিসহ পর্যটনকেন্দ্রগুলোতে ওয়াশব্লক নির্মাণের কাজ শুরু হয়েছে। দ্রুতই এ কাজ শেষ হবে। সেই সাথে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোর যাতায়াত ব্যবস্থার উন্নয়নেও বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

এর আগে দুপুরে তিনি গোয়াইনঘাটের বিছনাকান্দি পিকনিক স্পট পরিদর্শন করেন।