টেকনাফ সমুদ্রসৈকতে তরুণ তরুণীর লাশ, এলাকায় চাঞ্চল্য

Printed Edition

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফে সমুদ্রসৈকতে ভেসে আসা এক তরুণ ও এক তরুণীর লাশ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল সকালে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন উত্তর লম্বরী ও মিটাপানির ছড়া নৌঘাট এলাকা থেকে লাশ দু’টি উদ্ধার করে টেকনাফ মডেল থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে কয়েকজন জেলে ও পথচারী সৈকতের তীরে দু’টি লাশ ভেসে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। উদ্ধারস্থলটি মেরিন ড্রাইভ সড়কের ব্যস্ত অংশের কাছাকাছি হওয়ায় অল্পসময়ের মধ্যেই সেখানে কৌতূহলী জনতার ভিড় জমে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া তরুণীর শরীরে কোনো পোশাক ছিল না। অপরদিকে তরুণের পরনে ছিল লম্বা প্যান্ট ও জ্যাকেট। লাশ দু’টির বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম জানান, লাশগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সাথে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। আশপাশের থানাগুলোতেও বার্তা পাঠানো হয়েছে- সাম্প্রতিক কোনো নিখোঁজের তথ্যের সাথে মিল রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, লাশ প্রাথমিকভাবে দৃশ্যমান আঘাতের স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি। তবে পানিতে ডুবে মৃত্যু নাকি অন্য কোনো কারণে, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন। সমুদ্রস্রোতে ভেসে অন্য স্থান থেকে লাশ দু’টি আসার সম্ভাবনাও উড়িয়ে দেয়া হচ্ছে না। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। পরিচয়হীন এই দুই তরুণ-তরুণীর মৃত্যু নিছক দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো অপরাধের ফল- এ নিয়ে নানা প্রশ্ন উঠছে। তবে পুলিশ বলছে, অনুমান নয়, তথ্য-প্রমাণের ভিত্তিতেই তদন্ত এগিয়ে নেয়া হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতি পাওয়ার পরই প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে। রহস্যজনক এ ঘটনায় টেকনাফজুড়ে আতঙ্ক ও কৌতূহল বিরাজ করছে।