ভোলা প্রতিনিধি
নৌপথে চলাচলকারী বাল্কহেড জাহাজি শ্রমিকদের ওপর চাঁদাবাজি, নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে ভোলায় মানববন্ধন ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে ভোলা প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন, ভোলা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
‘দুনিয়ার মজদুর এক হও, নৌপথে জাহাজি শ্রমিক এক হও’ স্লোগানে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভোলা হয়ে সি-বিচ চরপাড়া, চট্টগ্রাম বন্দরসহ দেশের বিভিন্ন নৌপথে চলাচলকারী বাল্কহেড জাহাজের শ্রমিকরা দীর্ঘ দিন ধরে চাঁদাবাজি ও হয়রানির শিকার হচ্ছেন।
তাদের দাবি, বিশেষ করে ভোলার ইলিশা ও তুলাতলী ঘাট এলাকায় ‘পাইলট’ পরিচয়ে একটি চক্র জাহাজ আটকে শ্রমিকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শ্রমিকদের শারীরিক ও মানসিক নির্যাতনের মুখোমুখি হতে হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, একটি সংঘবদ্ধ চক্র এসব কর্মকাণ্ড পরিচালনা করছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন, ভোলা জেলা শাখার সভাপতি বিল্লাল গোলদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কার্যকরী সভাপতি শাহাবুদ্দিন, সদস্য ইব্রাহিম মাঝিসহ অন্য শ্রমিক নেতারা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নৌপথে চাঁদাবাজি ও শ্রমিক হয়রানি বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নেয়া হলে তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।
এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত চকেট জামালের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।



