নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শ্যামপুরে পোস্তগোলা যাত্রী ছাউনির সামনে দ্রুতগামী হাইয়েস গাড়ি চাপায় অজিত বাবু (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে এই ঘটনা ঘটে।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) দীপক কুমার পাল জানান, স্থানীয় লোকের মুখে জানতে পারি পোস্তগোলা যাত্রী ছাউনি সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় এক ব্যক্তি দ্রুতগামী একটি হাইয়েস মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন, পরে মারা যান। সিসি ফুটেজ দেখে ঘাতক মাইক্রোবাসটি শনাক্ত করার চেষ্টা চলছে।
ধানমন্ডিতে ১০ তলা ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু : রাজধানীর ধানমন্ডিতে ১০ তলা ভবনের বারান্দা থেকে পড়ে রিফা নামের আট বছর বয়সী এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। মাস দুয়েক আগে একটি এজেন্সির মাধ্যমে কাজে আসে ভুক্তভোগী।
প্রতিবেশীদের অভিযোগ, অভিযুক্ত ফ্ল্যাট মালিক এর আগেও গৃহকর্মীদের নির্যাতন করেছে। এর ফলে সেই ফ্ল্যাটে কেউ বেশিদিন কাজ করতে পারে না। ঘটনাস্থল পরিদর্শন করেছে ধানমন্ডি থানা পুলিশ। তবে এ নিয়ে কোনো কথা বলতে রাজি হয়নি।
গুলিস্তানের হোটেলে সৌদি প্রবাসীর রহস্যজনক মৃত্যু : রাজধানীর গুলিস্তানে হোটেল রমনায় আল আমিন (৪০) নামে এক সৌদি প্রবাসীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সাগরিকা আক্তার নামে এক তরুণী জানান, সৌদি আরব থেকে তার পরিচিত এক ব্যক্তি কিছু জিনিসপত্র পাঠিয়েছিলেন আল আমিনের মাধ্যমে। সেগুলোই নেয়ার জন্য তিনি এসেছিলেন বলে দাবি করেন সাগরিকা। রাস্তায় দাঁড়িয়ে কথা বলার একপর্যায়ে আল আমিন ও সাগরিকা হোটেল রমনার ৯ তলায় ৯২৩ নম্বর রুমে উঠেন। সেখানে ওঠার পর আল আমিন বাথরুমে গেলে কিছুক্ষণ পরই একটি শব্দ হয়। সাগরিকা দৌড়ে গিয়ে দেখেন, বাথরুমের ফ্লোরে পড়ে আছেন তিনি। সাথে সাথে হোটেল বয়দের ডেকে আনেন। এরপর হাসপাতালে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরিক্ষানিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
কলাবাগানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু : রাজধানীর কলাবাগান ভূতের গলি মসজিদের পাশে শুক্রবার সকালে একটি ছয় তলা নির্মাণাধীন ভবনে কাজ করার সময় পড়ে গিয়ে মো: ইয়াসিন (৩৮) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। মৃত ইয়াসিন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মো: হাবিবুর রহমানের ছেলে। তার সহকর্মী সায়েদুল জানিয়েছেন, নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।



