দাওয়াতি কার্যক্রম জোরদার ও জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জামায়াত নেতাদের

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শেরেবাংলা নগর, তেজগাঁও উত্তর ও উত্তরা পশ্চিম থানায় পৃথকভাবে ষাণ¥াসিক রুকন সমাবেশ, কর্মী শিক্ষাশিবির এবং দায়িত্বশীল সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। এসব কর্মসূচিতে দলের নেতারা ইসলামী দাওয়াতের কার্যক্রম সম্প্রসারণ, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ন্যায়ভিত্তিক সমাজপ্রতিষ্ঠায় সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

গতকাল শুক্রবার আগারগাঁওয়ের একটি মিলনায়তনে শেরেবাংলা নগর থানা উত্তর জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত ষাণ¥াসিক রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।

মোবারক হোসাইন বলেন, ইসলামের বিজয় নিশ্চিত করতে হলে প্রতিটি ঘরে ঘরে এবং প্রত্যেক মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। একই সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং কুরআন, হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যয়নের মাধ্যমে জ্ঞান ও তাকওয়া বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, এসব গুণাবলি অর্জনের মাধ্যমেই ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। শেরেবাংলা নগর উত্তর থানার আমির ও ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আউয়াল আজমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে থানা নায়েবে আমির শাহ আজিজুর রহমান তরুণ, বায়তুলমাল সম্পাদক হুমায়ুন কবিরসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ দিকে শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে তেজগাঁও উত্তর থানা জামায়াতের উদ্যোগে কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। থানা আমির হাফেজ আহসান উল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি নাসিবুল হকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা।

আব্দুর রহমান মূসা বলেন, আল্লাহ তায়ালা মুসলমানদের ওপর দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টাকে অপরিহার্য দায়িত্ব হিসেবে অর্পণ করেছেন। তাই এ দায়িত্ব পালনে জান ও মালের কোরবানি দিতেও প্রস্তুত থাকতে হবে। তিনি দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, মু: আতাউর রহমান সরকার এবং ড. মাওলানা হাবিবুর রহমান।

অন্য দিকে উত্তরা পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে উত্তরার একটি মিলনায়তনে ষাণ¥াসিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। থানা আমির মাজহারুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি ফিরোজ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোহাম্মদ জামালউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের শূরা সদস্য ও জোনের সহকারী পরিচালক মাহবুবুল আলম মুকুল।

অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন মহানগরী উত্তরের শূরা সদস্য ও ওলামা বিভাগের সভাপতি ড. মাওলানা মীম আতিকুল্লাহ। এ ছাড়া থানা নায়েবে আমির মকবুল হোসেন খান, ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী অধ্যক্ষ সালাউদ্দিন সুমন, থানা অর্থ সম্পাদক মশিউর রহমান, শহিদুল ইসলাম, আবু সাঈদসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।