সাটুরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ দোকান ভস্মীভূত প্রায় ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি

Printed Edition

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ১টার দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চার দিকে ছড়িয়ে পড়লে বাজারের পাহারাদার ও স্থানীয়রা চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে সাটুরিয়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে কাপড়, ওষুধ, কসমেটিকস, মুদি পণ্য, স্বর্ণালঙ্কার, ইলেকট্রনিকস ও চায়ের দোকানসহ মোট ১৫টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্তদের মধ্যে রঞ্জিত বসাকের কাপড়ের দোকান ও জামান মেডিসিন কর্নার উল্লেখযোগ্য। ব্যবসায়ীরা জানান, আগুনের তীব্রতা এত বেশি ছিল যেকোনো মালামাল বা নগদ অর্থ সরিয়ে নেয়ার সুযোগ পাননি তারা।

সাটুরিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুর রহমান জানান, রাত ১টা ২০ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো হলেও আশপাশে পর্যাপ্ত পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। তিনি বলেন, ওই সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি দোকানের আইপিএস বা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।

দড়গ্রাম ইউপি চেয়ারম্যান আলীনুর বক্স রতন বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ পূরণ করা তাদের পক্ষে সম্ভব নয়।

গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।