ক্রীড়া প্রতিবেদক
ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে রাজকীয় অভিষেক হলো বাংলাদেশী পেসার হাসান মাহমুদের। ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়ে নিজের প্রথম ম্যাচেই কেন্টকে ১৪০ রানের বিশাল জয় এনে দিয়েছেন। পুরো ম্যাচে ১০১ রান খরচায় হাসান একাই শিকার করেছেন ৯ উইকেট, যা তার প্রথম শ্রেণীর ক্রিকেটে ক্যারিয়ারসেরা ইনিংস। ম্যাচের শেষ দিনে জয়ের জন্য ৪২৪ রানের বিশাল লক্ষ্যে ব্যাটিংয়ে নামে ল্যাঙ্কাশায়ার। তবে হাসানের তোপের মুখে ২৮৩ রানেই অলআউট হয় তারা। হাসানের ঐতিহাসিক অভিষেকে কেন্ট ১৯ পয়েন্ট নিয়ে লিগে নিজেদের তৃতীয় জয় পেয়েছে।
দ্বিতীয় ইনিংসে ল্যাঙ্কাশায়ারের দুই ওপেনার হ্যারি সিং ও জশ বোহাননকে ফিরিয়ে শুরুতেই জোড়া আঘাত হানেন হাসান। এরপর থিতু হতে যাওয়া কিটন জেনিংস ও লিয়াম লিভিংস্টোনকে আউট করে প্রতিপক্ষের মিডল অর্ডার ধসিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত ৬৯ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারের চতুর্থবারের মতো ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নেয়ার কৃতিত্ব দেখান বাংলাদেশী এই পেসার। এর আগে প্রথম ইনিংসে তার শিকার ছিল ৩ উইকেট।
হাসানের পারফরম্যান্সে মুগ্ধ কেন্ট অধিনায়ক ড্যানিয়েল বেল-ড্রুমন্ড তাকে ‘বিশ্বমানের’ আখ্যা দিয়েছেন। ম্যাচ শেষে অধিনায়ক বলেন, ‘হাসান বিশ্বমানের বোলিং করেছে। যখনই ল্যাঙ্কাশায়ার কোনো জুটি গড়ে তুলছিল, হাসান ব্রেক-থ্রু এনে দিচ্ছিল। সে দুই দিকেই চমৎকার সুইং ও গতি বজায় রেখেছে।’



