কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের মিঠামইন হাওরাঞ্চলে চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করেছে মিঠামইন থানা পুলিশ। গত রোববার সকালে থানার ওসি মনোয়ার মোহাম্মদের নেতৃত্বে উপজেলার গোপদিঘী আহমদ বাজার এলাকায় নৌকাযোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় বিএনপির কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন রুবেল ছিলেন।
অ্যাডভোকেট জসিম উদ্দিন রুবেল জানান, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের নির্দেশনায় হাওরাঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে এ উদ্যোগ নেয়া হয়েছে।
পুলিশ জানায়, হাওরাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নদীপথে অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।



