ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের ইতিহাসে শেষ ষোলোর বাধা টপকাতে না পারার আক্ষেপ এবার ঘোচাতে চায় মেক্সিকো। ২০২৬ বিশ্বকাপের অন্যতম স্বাগতিক দেশ হিসেবে ঘরের মাঠে বাড়তি সুবিধা নিয়ে বড় স্বপ্ন দেখছে এল ত্রি।
মেক্সিকোর কোচ জাভিয়ের আগুইরে বিশ্বাস করেন, নিজেদের মাঠে খেলার সুযোগ দলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। এর আগে ১৯৭০ ও ১৯৮৬ সালে স্বাগতিক থাকাকালে তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল।
অভিজ্ঞ স্ট্রাইকার রাউল হিমেনেসকে ঘিরেই গড়ে উঠছে মেক্সিকোর আক্রমণভাগ। মিডফিল্ডে আলভারো ফিদালগো, আলেক্সিস ভেগা ও এদসন আলভারেজ দলের ভরসা। গোলপোস্টে থাকবেন রাউল রাঙ্গেল, আর কিংবদন্তি গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া খেলতে যাচ্ছেন রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ।
গ্রুপ ‘এ’-তে মেক্সিকোর প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্র, দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী ম্যাচে ১১ জুন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিকরা।



