নিজস্ব প্রতিবেদক
বিশ্বব্যাপী পরিচিত প্রখ্যাত ইসলামী স্কলার আল্লামা সাজ্জাদুর রহমান নোমানী বলেছেন, পাশ্চাত্যবাদের থাবায় জর্জরিত বিশ্ব মানবতাবেক উদ্ধারে ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিছে দেহলবীর দর্শন ও চিন্তাধারা চর্চা বর্তমানে সবচেয়ে কার্যকর উপায় ও প্রয়োজনীয় কর্মসূচি। বাংলাদেশে সফররত এই মনীষী গতকাল ঢাকার দারুর রাশাদ মাদরাসায় শাহ ওয়ালিউল্লাহর কালজয়ী গ্রন্থ ‘হুজ্জাতুল্লাহিল বালেগাহ’ গ্রন্থের দরস দানের সময়ে এ মন্তব্য করেন। তিনি যুক্তি ও বিজ্ঞানের আলোকে ইসলামী বিধানের তাৎপর্য বিশ্লেষণে শাহ ওয়ালিউল্লাহর পদ্ধতি অবলম্বনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বলেন, ইসলাম এসেছে সারা বিশ্বের মানুষকে কল্যাণের দিশা দিতে ও অকল্যাণের সব পথ সম্পর্কে সচেতন করতে। তাই সমকালীন ভাষা ও প্রকাশভঙ্গি ব্যবহার করে ইসলামের সার্বজনীনতা ও চিরন্তনতা তলে ধরতে হবে। তিনি আরো বলেন, যত মত পার্থক্য আমাদের মধ্যে বিরাজ করছে, কুফর ও শির্ক ছাড়া সবগুলোকে গৌণ করে মানুষে মানুষে সৌহার্দ্য ও সম্প্রীতির প্রতি উদ্বুদ্ধ করা আলেমদের কর্তব্য। হজরত মাওলানা মুহাম্মাদ সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দরসে কয়েকশ’ আলেম উপস্থিত ছিলেন।



