নিজস্ব প্রতিবেদক
স্ট্রিট লাইটিংয়ের নতুন বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির ওপরে ধারণা নিতে ফ্রান্স সফরের অনুমতি পেলেন না রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান। তবে নির্বাহী প্রকৌশলী এবিএম আসাদুজ্জামান সুইটকে অনুমতি দেয়া হয়েছে। গতকাল স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাসিকের দুই কর্মকর্তার ভ্রমণ প্রস্তাবের সার-সংক্ষেপে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা থেকে এই তথ্য জানা যায়।
নির্দেশনায় বলা হয়েছে যে, এ বিষয়ে কোনো প্রকৌশলী ধারণা নিলে তা সিটি করপোরেশনের কাজে লাগবে। রাসিক প্রশাসক প্রকৌশলী নয় বিধায় তার যাওয়া কোনো গুরুত্ব বহন করে না। এ সফরে শুধু প্রস্তাবিত নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) প্রয়োজনে যেতে পারেন।
প্রধানমন্ত্রীর দেয়া নিদের্শনায় আরো বলা হয়েছে যে, ভবিষ্যতে এ ধরনের উদ্ভাবনী কাজের সাথে বুয়েট এবং অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা নেয়া উচিত হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনার সম্পর্কে জানতে চাইলে প্রেস সচিব সালেহ শিবলী এর সত্যতা নিশ্চিত করেন।
সিগনেফাই বাংলাদেশ লিমিটেড কোম্পানির আমন্ত্রণে ‘সিগনেফাই ফ্রান্সের আউটডোর লাইটিং এপ্রিলিকেশন সেন্টারের পরিদর্শন এবং স্ট্রিট লাইটিংয়ের নতুন বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির বিষয়ে জানতে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইটের ফ্রান্স সফরের প্রস্তাব অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়।



