নয়া দিগন্ত ডেস্ক
গাছ বা বাড়ির বারান্দার কোণে মৌমাছি বাসা বাঁধাটা স্বাভাবিক। অনেক সময় পরিত্যক্ত জায়গায় সুযোগ পেলেই চাক তৈরি করে মধুকরেরা। তাই বলে কোনো মানুষের পশ্চাৎদেশে মৌমাছির ঝাঁক উড়ে এসে বসার ঘটনা অদ্ভুত তো বটেই, একই সাথে বিপজ্জনকও। সেই অভিজ্ঞতাই হলো এক তরুণের। ঝাঁকে ঝাঁকে মৌমাছি এসে বসল তার প্যান্টের পেছনে! ফলে আধা ঘণ্টা নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকতে হলো তাকে। সংবাদ প্রতিবেদন অনুসারে, গ্যারেজে যাওয়ার সময় একটি রানী মৌমাছি উড়ে এসে তার প্যান্টের বসে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি পাল্টে যায়। হাজার হাজার কর্মী মৌমাছি তাকে ঘিরে ধরে। এক লহমায় তরুণের পশ্চাৎদেশে মৌমাছির ‘চাক’ তৈরি হয়ে যায়। মৌমাছির আক্রমণের আশঙ্কা সত্ত্বেও ভয়, অস্বস্তি নিয়ে তরুণ সম্পূর্ণ নিশ্চল থাকেন। কারণ একচুল নড়লেই শয়ে শয়ে হুল ফুটে যেত তার শরীরে। প্রায় ৩০ মিনিট তিনি স্থিরভাবে দাঁড়িয়ে ছিলেন। ফলে একটিও হুল ফোটায়নি মৌমাছিরা।
পরে রানী মৌমাছিটিকে একটি অন্য পাত্রে ঢোকানোর পর দুর্ভোগের অবসান ঘটে। রানী মৌমাছিটিকে আলাদা করার পর, মৌমাছির ঝাঁকটি ছত্রভঙ্গ হয়ে যায়। হাঁফ ছেড়ে বাঁচেন তরুণও। পোস্টটি ‘মিডিসারাসু’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর প্রচুর মানুষ তা দেখেছেন। তরুণের অবস্থা দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে নেটমাধ্যম ব্যবহারকারীরা। এক নেটাগরিক তরুণের উদ্দেশে লিখেছেন, ‘আপনার নিতম্বে একটি রানী মৌমাছি এসে বসার পর, ওই পরিস্থিতিতে ৩০ মিনিট স্থির থাকার মানসিক দৃঢ়তা অনেক বেশি।’ অন্য এক এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘একটু নড়লেই সব শেষ।’



