জার্মানদের হারাতে চায় আইভরি কোস্ট

Printed Edition
জার্মানদের হারাতে শেষ প্রস্তুতিতে ব্যস্ত আইভরি কোস্টের ফুটবলাররা  :  ইন্টারনেট
জার্মানদের হারাতে শেষ প্রস্তুতিতে ব্যস্ত আইভরি কোস্টের ফুটবলাররা : ইন্টারনেট

ক্রীড়া ডেস্ক

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচের অন্যতম আকর্ষণীয় লড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে টরন্টোর বিখ্যাত বিএমও মাঠে। আজ রাত ২টায় মুখোমুখি হবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও আফ্রিকার শক্তিশালী প্রতিনিধি আইভরি কোস্ট। প্রথম ম্যাচে জয় পাওয়া দুই দলই মাঠে নামছে গ্রুপের শীর্ষস্থান দখলের লক্ষ্য নিয়ে।

দুই দলের ইতিহাস খুব বেশি পুরনো নয়। এখন পর্যন্ত মাত্র একবার মুখোমুখি হয়েছিল তারা ২০০৯ সালের প্রীতিম্যাচে। সেই ম্যাচে ২-২ সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল। জার্মানির হয়ে সেবার দুই গোল করেছিলেন লুকাস পোডলস্কি, যার একটি আসে নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে।

এবারের বিশ্বকাপে নিজেদের যাত্রা দুর্দান্তভাবে শুরু করেছে জার্মানি। প্রথম ম্যাচে বিশ্বকাপে অভিষেক হওয়া কুরাসাওকে ৭-১ ব্যবধানে বিধ্বস্ত করেছে ইউলিয়ান নাগেলসমানের দল। ম্যাচের শুরুতেই ফেলিক্স এনমেচা এগিয়ে দিলেও প্রথমার্ধে সমতায় ফেরে কুরাসাও। তবে এরপর আর কোনো সুযোগ দেয়নি জার্মানরা।

কাই হাভার্টজ জোড়া গোল করেন। এ ছাড়া নিকো শ্লটারবেক, জামাল মুসিয়ালা, নাথানিয়েল ব্রাউন ও দেনিজ উনদাভও নাম লেখান গোলদাতার তালিকায়। এই শতকে বিশ্বকাপের ইতিহাসে মাত্র পাঁচবার কোনো দল সাত বা তার বেশি গোল করেছে, যার মধ্যে তিনবারই করেছে জার্মানি।

শুধু বড় জয়ই নয়, দুর্দান্ত ধারাবাহিকতাও আত্মবিশ্বাস দিচ্ছে জার্মান শিবিরকে। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচ জিতেছে তারা। এই সময়ের মধ্যে নয় ম্যাচেই করেছে অন্তত দুই গোল।

তবে আক্রমণে দুর্দান্ত হলেও রক্ষণে কিছুটা দুর্বলতা রয়েছে জার্মানদের। শেষ পাঁচ ম্যাচের চারটিতে গোল হজম করেছে দলটি। এমনকি ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারানোর পর বিশ্বকাপে টানা সাত ম্যাচে কোনোবারই গোলশূন্য থাকতে পারেনি তারা।

অন্য দিকে দীর্ঘ বিরতির পর বিশ্বকাপে ফিরে শক্ত অবস্থান তৈরি করেছে আইভরি কোস্ট। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে জায়গা না পাওয়া দলটি এবারের আসরের প্রথম ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে।

যদিও ম্যাচজুড়ে আধিপত্য ছিল ইকুয়েডরের, তারা তিনবার পোস্টে বল মারে। কিন্তু শেষ মুহূর্তে বদলি হিসেবে নেমে আমাদ দিয়ালো অসাধারণ গোল করে জয় এনে দেন আফ্রিকান দলটিকে। এই জয়ের ফলে প্রায় দুই বছর ধরে চলা ইকুয়েডরের অপরাজিত ধারাও ভেঙে যায়।

বিশ্বকাপে নিজেদের চারটি অংশগ্রহণেই অন্তত একটি ম্যাচ জয়ের রেকর্ড ধরে রেখেছে আইভরি কোস্ট। এবার তারা প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠার বাস্তব সম্ভাবনা তৈরি করেছে। শেষ দুই ম্যাচ থেকে একটি পয়েন্ট পেলেও অনেকটা এগিয়ে যাবে তারা।

কোচ এমের্স ফায়ের দল বর্তমানে টানা চার ম্যাচ জিতে মাঠে নামছে। এর মধ্যে সম্প্রতি প্রীতিম্যাচে ফ্রান্সকেও হারিয়েছে তারা। তবে বিশ্বকাপে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে তাদের সাফল্য খুব সীমিত।

দল নির্বাচনেও রয়েছে আগ্রহ। জার্মানির হয়ে আবারো আক্রমণে দেখা যেতে পারে লেরয় সানে, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টজ ও কাই হাভার্টজকে। বিকল্প হিসেবে উজ্জ্বল ফর্মে আছেন দেনিজ উনদাভ, যিনি আগের ম্যাচে বদলি নেমে এক গোল ও দুইটি গোলে সহায়তা করেছিলেন।

জার্মানির কোচ ইউলিয়ান নাগেলসমান বলেন, এখন পা তুলে বসে থাকার কোনো কারণ নেই। আমরা খুব মনোযোগ দিয়ে প্রস্তুতি নিচ্ছি। উন্নতির জন্য প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কিছু জায়গায় আরো ভালো হতে হবে। সেই উন্নতি সম্ভব এবং অর্জনযোগ্য।’