বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের পক্ষ থেকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যার পানির তীব্র স্রোতে দুর্ঘটনায় নিহত কিশোরী তাহিন নুরের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়েছে।
সম্প্রতি বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম জালিয়াঘাটা এলাকার বাসিন্দা আব্দুল করিমের ১২ বছরের মেয়ে তাহিন নুর গত ১০ জুলাই সকালে বন্যার পানিতে তলিয়ে থাকা একটি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পানির তীব্র স্রোতে পা পিছলে গভীর খাদে পড়ে তলিয়ে যায়। স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হলে বাঁশখালী ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল টানা অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে তার লাশ উদ্ধার করে।
মঙ্গলবার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন দলের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, বাঁশখালী উপজেলা আমির মাওলানা অধ্যক্ষ মুহাম্মদ ইছমাইল, সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ আরিফ উল্লাহ, বাঁশখালী পৌর আমির মাওলানা আবু তাহের এবং সরল ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ জাহেদ।



