সোহাগ খন্দকার সাঘাটা (গাইবান্ধা)
গাইবান্ধার সাঘাটা-মুন্সিরহাট এলাকায় প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এক বছরের মাথায়ই ঝুঁকির মুখে পড়েছে। নদী থেকে অবৈধ বালু উত্তোলন এবং বাঁধের ওপর দিয়ে ভারী ট্রাক চলাচলের কারণে বিভিন্ন স্থানে ফাটল ও ধসের আশঙ্কা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন ধরে নদী থেকে বালু উত্তোলন করে তা পরিবহনে দিন-রাত ভারী যানবাহন ব্যবহার করা হচ্ছে। এতে সদ্য নির্মিত বাঁধের কয়েকটি অংশে দৃশ্যমান ফাটল দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, অতিরিক্ত কম্পন ও ধুলাবালুর কারণে আশপাশের ফলদ গাছ ও কৃষিজমির ওপরও বিরূপ প্রভাব পড়ছে। আগের তুলনায় ফলন কমে গেছে, ফুল ঝরে যাচ্ছে এবং জমির উর্বরতা নষ্ট হচ্ছে।
স্থানীয় কৃষক মাহাবুর রহমান তপন বলেন, বহুবার অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। কেউ পানি উন্নয়ন বোর্ডের নাম ব্যবহার করে, আবার কেউ সরাসরি নদী থেকে বালু উত্তোলন করছে। এতে বাঁধ ও সড়ক দু’টিই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম জানান, ধুলাবালুতে গাছের পাতা ঢেকে যাওয়ায় ফল ঠিকমতো বড় হচ্ছে না। বাঁধের ওপর ভারী যান চলাচল অব্যাহত থাকলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ভ্যানচালক গোলজার রহমান বলেন, রাস্তায় বালু পড়ে থাকায় চলাচল কঠিন হয়ে পড়েছে, আয়ও কমে গেছে।
এ বিষয়ে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবীর জানান, অভিযোগের পর সহকারী কমিশনারকে (ভূমি) তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। সত্যতা মিললে আইনি ব্যবস্থা নেয়া হবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখা হবে। অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


