চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া, পেকুয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার পাঁচ হাজার পরিবারের মধ্যে পর্যায়ক্রমে খাদ্যসহায়তা বিতরণ করছে আইএসডিই বাংলাদেশ। সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের অর্থায়নে পরিচালিত এ কর্মসূচির আওতায় গতকাল সোমবার চকরিয়ার ফাঁসিয়াখালী ও কৈয়ারবিল ইউনিয়নের এক হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আইএসডিই বাংলাদেশ জানায়, এ ধাপে ফাঁসিয়াখালী ও কৈয়ারবিল ইউনিয়নের ৫০০টি করে মোট এক হাজার পরিবার সহায়তা পেয়েছে। প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, সাত কেজি ডাল, তিন লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি এবং এক কেজি লবণসংবলিত খাদ্য প্যাকেজ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যেও সহায়তা পৌঁছে দেয়া হবে।
ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা আতাউল গণি পারভেজ, সমাজসেবক কুতুব উদ্দীন, ইঞ্জিনিয়ার সাহেদুল মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কৈয়ারবিলে অনুষ্ঠিত কর্মসূচিতে ইউনিয়ন পরিষদের সচিব নুরুল আলম, ইউপি সদস্য মোজাম্মেল হক, নুরুল ইসলাম, আবুল কালামসহ স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।



