চুনারুঘাটে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল যমজ ভাইবোন

Printed Edition

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা

হবিগঞ্জের চুনারুঘাট সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী যমজ ভাইবোন সপ্তর্ষী পাল শ্রুতি ও কিংশুক পাল কাব্য ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। তাদের এ সাফল্যে পরিবার, বিদ্যালয় ও স্থানীয় শিক্ষাঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষাজীবনের শুরু থেকেই শ্রুতি ও কাব্য ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে। বর্তমানে তারা চুনারুঘাটের দক্ষিণাচরণ উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত।

শ্রুতি ও কাব্য নবীগঞ্জের কৃষি ব্যাংক ইমামবাড়ী শাখার ব্যবস্থাপক কিশলয় পাল এবং চুনারুঘাট উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা স্মিতা পালের সন্তান। ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে তারা সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছে।

উল্লেখ্য, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত এই মেধাবী যমজ ভাইবোন চুনারুঘাটের প্রবীণ সাংবাদিক ও চুনারুঘাট সংবাদ বিতানের কর্ণধার বাবু রাইরঞ্জন পালের নাতি-নাতনী।