নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মধ্য বাড্ডায় দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২১ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী শেফালী বেগম নিহত হয়েছেন। গতকাল সকালে সংঘটিত এ ঘটনায় ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। পরিচ্ছন্নতা কর্মী শেফালী বেগমের লাশ দেখতে এসে তিনি বলেন, যেসব গাড়ি ফিটনেসবিহীন অবস্থায় রাস্তায় চলাচল করে এবং যেসব ড্রাইভারের লাইসেন্স নেই ও অদক্ষ বিআরটিএর সাথে আলোচনা করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, এ রকম মর্মান্তিক মৃত্যু আর যেন না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে।
প্রশাসক বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা দিনরাত পরিশ্রম করে নগরের সেবা দিয়ে যাচ্ছেন। তারা যাতে নিরাপদে ও নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। ডিএনসিসির কর্মীদের পাশে থেকে সব সময় সহযোগিতার ঘোষণা দেন প্রশাসক।
তিনি নিহতের পরিবারকে ডিএনসিসির পক্ষ থেকে চার লাখ টাকা আর্থিক অনুদান এবং এক বছরের বেতন প্রদানের ঘোষণা দেন।
এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি, ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো: হুমায়ুন কবিরসহ ডিএনসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



