বগুড়া অফিস
বগুড়ার শিবগঞ্জে মোহাম্মদ আলী (৭০) নামের এক চালকল (রাইস মিল) মালিককে হাত-পা বেঁধে মাথায় আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর মিলের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার লুট করে নিয়ে গেছে। গত রোববার রাতে উপজেলার ফেনিগ্রাম ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী ফেনিগ্রাম পূর্বপাড়া এলাকার মৃত কছিরউদ্দীনের ছেলে।
জানা যায়, ঘটনার রাতে মোহাম্মদ আলী রাইস মিলেই ঘুমিয়ে ছিলেন। রাতের আঁধারে দুর্বৃত্তরা মিলের পেছনের দিক দিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর তারা বৃদ্ধ মোহাম্মদ আলীর হাত, পা ও মুখ বেঁধে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে হত্যা নিশ্চিত করে। এ সময় তারা মিলে থাকা তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার খুলে লুট করে নিয়ে যায়।



