তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা না হলে ঢাকা ঘেরাওয়ের ঘোষণা

তিন জেলায় জামায়াত নেতৃত্বাধীন সংগ্রাম কমিটির মানববন্ধন

Printed Edition

রংপুর ব্যুরো

শুধু আশ্বাস নয়, দ্রুত তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা না হলে রংপুর বিভাগ থেকে দেশের অন্যান্য স্থানে খাদ্যশস্য সরবরাহ বন্ধ করাসহ ঢাকা ঘেরাও করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি।

গতকাল একযোগে তিস্তা অববাহিকার তিন জেলার বিভিন্ন পয়েন্টে মানববন্ধন থেকে এই ঘোষণা দেন ১১ দলীয় জোটের নেতারা। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি সংবলিত বিভিন্ন ব্যানার ফেস্টুন প্রদর্শন করা হয়।

রংপুর মহানগরীতে শাপলা চত্বর থেকে বাংলাদেশ ব্যাংক মোড় পর্যন্ত এলাকায় মানববন্ধন হয়। এতে বক্তব্য রাখেন গাইবান্ধা-১ আসনের এমপি মাজেদুর রহমান, গাইবান্ধা-২ আসনের এমপি আব্দুল করিম সরকার, রংপুর মহানগর আমীর ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী এটিএম আজম খান, এনসিপি জেলা আহ্বায়ক আল মামুন প্রমুখ।

অন্য দিকে গঙ্গাচড়া বুড়িরহাট থেকে মহিপুর তিস্তা সড়ক সেতুর দুই পাশ পর্যন্ত মানববন্ধনে অংশ নেন শত শত মানুষ। এখানে বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির সদস্যসচিব রংপুর-১ আসনের এমপি রায়হান সিরাজী, লক্ষিটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী, খেলাফত মজলিসের আমির মমিনুল ইসলাম প্রমুখ।

এ দিকে কাউনিয়া বাসস্ট্যান্ড থেকে তিস্তা সেতু পর্যন্তও একই সমেয় মানববন্ধন হয়। এ সময় সেখানে শত শত মানুষ অংশ নেন। এখানে বক্তব্য রাখেন রংপুর-৫ আসনের এমপি গোলাম রব্বানী ৬ আসনের এমপি নুরুল আমীন প্রমুখ।

রংপুরের মানববন্ধনে এনসিপি জেলা আহ্বায়ক আল মামুন বলেন, ‘আমরা মনে করি তারা যেহেতুু বৈষম্যের দিকে ঠেলে দিয়েছে, রংপুর বিভাগের প্রতিটি উৎপাদিত পণ্য আমরা ঢাকায় যাওয়া বন্ধ করে দিবো এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে। এই বাজেটে তিস্তার জন্য প্রথম বছরে তিন হাজার কোটি টাকা তেমন বড় বিষয় নয়। অথচ আমরা এই হাজার কোটি টাকার জন্য বিভিন্ন দেশের কাছে যাচ্ছি। আমরা আশা করব প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর থেকে ফিরে এসে আমাদেরকে একটি সুসংবাদ দেবেন তিস্তা মহাপরিকল্পনা অতি দ্রুত বাস্তবায়ন করে। তা না হলে এই অঞ্চলের মানুষের ক্ষোভ বিস্ফোরিত হয়ে উঠবে।

মহানগর জামায়াত আমির ও সংগ্রাম কমিটির উপদেষ্টা এটিএম আজম খান বলেন, তিস্তা মহাপরিকল্পনা শুধুমাত্র পানি সম্পদমন্ত্রী এসে বক্তব্য দিলেই হবে না। ত্রাণ ও দুর্যোগমন্ত্রী দুলু ভাই শুধু কথা বললেই হবে না। আমরা দ্রুত এই মহাপরিকল্পনা বাস্তবায়ন দেখতে চাই। এই বাজেটেই কত কোটি টাকা বরাদ্দ করা হলো সেটা দেখতে চাই। অল্প দিনের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা না হলে উত্তরাঞ্চলের জনগণ ঢাকা ঘেরাও করে দেশকে অচল করে দেবে।

এই মানববন্ধনে গাইবান্ধা-১ আসনের এমপি মাজেদুর রহমান বলেন, পানি সম্পদমন্ত্রী, প্রতিমন্ত্রী এসেছিলেন। তারা বলে গেছেন এটা হবে, হবেই। এটা আমরা বাস্তবায়ন দেখতে চাই। আমরা রংপুরের আড়াই কোটি মানুষের পক্ষ থেকে বলতে চাই, তিস্তা মহাপ্রকল্প অতি শিগগিরই বাস্তবায়ন করতেই হবে সরকারকে।

প্রসঙ্গত, শুক্রবার দিনভর টেকনিক্যাল টিমসহ তিস্তা অববাহিকা পরিদর্শন করে মহাপরিকল্পনা একনেকে পাসের মাধ্যমে কাজ শুরু করার কথা জানান ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

নীলফামারীতে ৮ কিলোমিটার মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি ও ডিমলা সংবাদদাতা জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। তিস্তা ব্যারেজের সামনে থেকে শুরু হয়ে ডালিয়া-পাগলাপীর সড়কের প্রায় আট কিলোমিটার এলাকাজুড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগ্রাম কমিটির অন্যতম সদস্য প্রভাষক ছাদের হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা নীলফামারী-১ আসনের এমপি মাওলানা আব্দুস সাত্তার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নীলফামারী-২ আসনের অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ, নীলফামারী-৩ আসনের মাওলানা ওবায়দুল্লাহ সালাফি ও নীলফামারী-৪ আসনের হাফেজ মোহাম্মদ আব্দুল মুনতাকিম। আরো বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির সদস্য মাওলানা আন্তাজুল ইসলাম, অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মুজিবুর রহমান, মোখলেছার রহমান, মনিরুজ্জামান জুয়েল, আব্দুল কাদিম, অ্যাডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারী, সাংবাদিক কামারুজ্জামান প্রমুখ।

লালমনিরহাটের তিস্তা চরে মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি জানান, নিজস্ব অর্থায়নে চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তিস্তা নদীর চরাঞ্চলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি। গতকাল সকাল ১০টায় উপজেলার শৌলমারীর তিস্তা চরে কয়েক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রংপুর বিভাগের পঁাঁচ জেলায় একযোগে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটের এ গুরুত্বপূর্ণ পয়েন্টে মানববন্ধনের আয়োজন করা হয়।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির লালমনিরহাটের আহ্বায়ক অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-১ আসনের এমপি ব্যারিস্টার মাহবুব আলম সালেহী এবং কুড়িগ্রাম-৩ আসনের মো: আনোয়ারুল ইসলাম।

এ সময় বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের, কেন্দ্রীয় জামায়াত নেতা, শিল্পপতি আনোয়ারুল ইসলাম রাজুসহ স্থানীয় নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মাহবুব আলম সালেহী বলেন, চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সুস্পষ্ট ঘোষণা ও প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দিতে হবে। তিস্তা মহাপরিকল্পনা ছাড়া অন্য কোনো প্রকল্প এ অঞ্চলের মানুষ মেনে নেবে না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য চূড়ান্ত সমীক্ষার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন শুধু বাস্তবায়নের পালা। আমরা আন্দোলনের ক্রেডিট চাই না, মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই। সরকার দ্রুত কাজ শুরু করুক, কৃতিত্ব তারাই নিক।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং তিস্তাপাড়ের শতাধিক মানুষ অংশ নেন।