নিজস্ব প্রতিবেদক
যথাযোগ্য মর্যাদা, রাজনৈতিক অঙ্গীকার ও বর্ণাঢ্য উৎসবমুখর পরিবেশে গতকাল সারা দেশে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটি উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের প্রতিটি জেলা ও মহানগর কার্যালয়ে ভোর থেকেই নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। সকাল ৬টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ৯টায় শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সাথে দলের ভারপ্রাপ্ত মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে কর্মসূচি কেবল রাজনৈতিক সভা-সমাবেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এবার পরিবেশ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ জোর দেয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় ঢাকাসহ সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কেন্দ্রীয়ভাবে এই নেতৃত্ব দেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। জলাশয় ও মুক্ত জলাশয়ে মাছের পোনা ছাড়ার উদ্যোগ নেয়া হয়, যার নেতৃত্ব দেন দলের যুগ্মমহাসচিব হাবিব উন নবী খান সোহেল। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহযোগিতায় রাজধানীসহ বিভিন্ন স্থানে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়।
বিএনপি কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনের কর্মসূচি পালন করছে। ছাড়া রয়েছে রাজধানীতে কেন্দ্রীয় আলোচনা সভা আগামী ৫ সেপ্টেম্বর। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারেক রহমান ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী পৃথক পৃথক বিবৃতিতে দলের নেতাকর্মীদের অভিনন্দন জানিয়েছেন। ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর বিএনপি গঠিত হয় যার প্রথম চেয়ারম্যান ছিলেন জিয়াউর রহমান।
জিয়া উদ্যানে প্রধানমন্ত্রী : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সকাল ৯টা ১৭ মিনিটে তারেক রহমান শেরেবাংলা নগরে কবরস্থলে আসেন এবং দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন। ফাতেহা পাঠ করে মরহুম প্রতিষ্ঠাতা এবং মরহুমা চেয়ারপারসনের রূহের মাগফিরাত কামনা করে মুনাজাতে অংশ নেন তারা।
শ্রদ্ধা নিবেদনের সময়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, এ জেড এম জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ও ইসমাইল জবিহউল্লাহ উপস্থিত ছিলেন। আরো ছিলেন, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মাসুদ আহমেদ তালুকদার, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুস সালাম আজাদ, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, মহানগর উত্তরের সভাপতি আমিনুল হক, কেন্দ্রীয় নেতা মাওলানা শাহ মো: নেসারুল হক, আশরাফ উদ্দিন খান উজ্জ্বল, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আবদুস সাত্তার পাটোয়ারি, সংসদ সদস্য মীর শাহে আলম, হাবিবুর রশীদ হাবিব, এসএম জাহাঙ্গীর, যুবদলের এম মোনায়েম মুন্না, নুরুল ইসলাম, মহিলা দলের সুলতানা আহমেদ, তাঁতী দলের আবুল কালাম আজাদ, উলামা দলের মাওলানা কাজী মো: সেলিম রেজা, মাওলানা কাজী মো: আবুল হোসেন, জাসাসের জাকির হোসেন জাকির, ছাত্রদলের রাকিবুল ইসলাম রাকিব, নাছির উদ্দীন নাছির প্রমুখ।
দলের চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদনের পর নিরাপত্তা বেষ্টনী তুলে নিলে দলীয় নেতাকর্মী-সমর্থকদের ঢল নামে। এ সময় ‘শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’. ‘এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে’ প্রভৃতি স্লোগানে মুখর ছিল শেরেবাংলা নগর সমাধি প্রাঙ্গণ। ঢাকা মহানগর বিএনপি উত্তর-দক্ষিণ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, কৃষক দল, মহিলা দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব, অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-এ্যাব, ছাত্রদল, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নেতাকর্মীরা মরহুম নেতার কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানায়।
বিএনপি এমন সময়ে তাদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে যখন দুই দশক পর আবার রাষ্ট্র পরিচালনা করছে দলটি আর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী পদে আছেন তারেক রহমান।
শ্রদ্ধা নিবেদন শেষে জিয়া উদ্যানে বৃক্ষরোপণ এবং ক্রিসেন্ট লেকে মৎস্য অবমুক্তকরণ করেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখার অঙ্গীকার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘ ১৭ বছরের বৈরী রাজনৈতিক পরিবেশ ও আন্দোলন-সংগ্রামের পর জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে। এখন দল ও সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখা। এর জন্য জনগণের প্রত্যাশা পূরণ, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং জনগণের সাথে আরো নিবিড়ভাবে সম্পৃক্ত থাকতে হবে।
রুহুল কবির রিজভী বলেন, ৪৮ বছর আগে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কয়েকটি প্রত্যয় সামনে রেখে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করার পাশাপাশি দেশের উন্নয়ন, উৎপাদন ও আত্মনির্ভরশীলতার লক্ষ্যে তিনি বৈপ্লবিক কর্মসূচি গ্রহণ করেছিলেন। আমরা তার নীতি, আদর্শ ও দর্শনের পতাকা ধারণ করে এগিয়ে যাচ্ছি।
তিনি বলেন, শিক্ষা, সংস্কৃতি, বৈদেশিক নীতি, অভ্যন্তরীণ নীতি ও আইনশৃঙ্খলা- সব ক্ষেত্রেই শহীদ জিয়াউর রহমান বাংলাদেশকে একটি গৌরবজনক মর্যাদায় প্রতিষ্ঠিত করেছিলেন। বিএনপি প্রতিষ্ঠার মধ্য দিয়ে নাগরিক স্বাধীনতা নিশ্চিত এবং বহুদলীয় গণতন্ত্রের চর্চার সুযোগ সৃষ্টি হয়। বিভিন্ন মত ও পথের মানুষ তাদের মতামত প্রকাশের সুযোগ পেয়েছেন।
ভারপ্রাপ্ত মহাসচিব আরো বলেন, ১৯৭৫ সালে বাকশাল প্রতিষ্ঠার পর সংবাদপত্র বন্ধ করে দেয়া হয়েছিল। আজ যারা সংবাদপত্রে দায়িত্ব পালন করছেন এবং স্বাধীনভাবে মত প্রকাশ করছেন, এর পেছনে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিদেশে শ্রমশক্তি রফতানি, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতেও জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বিএনপিকে ‘ওয়াদা রক্ষাকারী দল’ উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, নানা নিপীড়ন, নির্যাতন ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও খালেদা জিয়া দেশ ও দলকে নেতৃত্ব দিয়েছেন। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি ও খালেদা জিয়াকে প্রতিহত করার চেষ্টা হলেও সব বাধা অতিক্রম করে তিনি জনগণের বিজয় ও গণতন্ত্রের বিজয় নিশ্চিত করেছেন।
বর্তমান সরকারের কার্যক্রম প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ক্ষমতায় এসে জনগণের কাছে দেয়া অঙ্গীকার বাস্তবায়নে তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন। নানা ধরনের চ্যালেঞ্জ, ষড়যন্ত্র ও চক্রান্ত থাকতে পারে। তবে সেগুলো মোকাবেলা করেই তারেক রহমান সরকারের নেতৃত্ব দিচ্ছেন। সামাজিক সুরক্ষা, উন্নয়ন ও উৎপাদনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে তিনি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন।
বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কটের বিষয়ে তিনি বলেন, এটি শুধু বিএনপি বা সরকারের সঙ্কট নয়, এটি একটি বৈশ্বিক সঙ্কট। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা এবং জ্বালানি বহনকারী জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার প্রভাব বাংলাদেশেও পড়েছে। তিনি বলেন, সরকার সঙ্কট মোকাবেলায় বসে নেই। জ্বালানি ও বিদ্যুৎ খাতে বরাদ্দের বাইরে আরো প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয় করে সঙ্কট সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে। মহেশখালীর একটি টার্মিনালের কারিগরি ত্রুটি মেরামত করা হয়েছে এবং পুনরায় গ্যাস রিগ্যাসিফিকেশন শুরু হয়েছে। সেপ্টেম্বরের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে গ্যাসের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ফ্রি-মেডিক্যাল ক্যাম্প : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি-মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষকে এ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেয়া হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে এ মেডিক্যাল ক্যাম্প শুরু হয়, চলে সন্ধ্যা পর্যন্ত। দুপুর ১২টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ক্যাম্পটির উদ্বোধন করেন। এই সময়ে ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ এবং মহাসচিব জহিরুল ইসলাম শাকিল উপস্থিত ছিলেন।
সরজমিনে দেখা গেছে, কার্যালয়ের নিচতলার একটি কক্ষে এ মেডিক্যাল ক্যাম্প পরিচালিত হয়। ক্যাম্পে দন্ত, মেডিসিন, নিউরোলজি, কিডনি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, শিশু, ইউরোলজি, শিশু সার্জারি, বক্ষব্যাধি, অর্থোপেডিক্স, নাক-কান-গলা, এন্ডোক্রাইনোলজি, বাতজ্বর, চর্ম ও যৌন, চক্ষু এবং কার্ডিয়াক সার্জারি বিভাগের চিকিৎসকরা রোগীদের সেবা দিয়ে থাকেন।
বরিশাল ব্যুরো জানায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয় চত্বরে এ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
বরিশাল ৬ আসনের সংসদ সদস্য ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটিরসহ সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।
সমাবেশ শেষে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে নগরীতে বর্ণাঢ্য র্যালি বের হয়।
রাজশাহী ব্যুরো জানায়, বিএনপি গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার রক্ষার দল বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু এমপি। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দলটি দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর মালোপাড়ার দলীয় কার্যালয়ে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। এরপর ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অন্য অতিথিদের সাথে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবীবা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সাবেক মেয়র ও বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা।
সিলেট ব্যুরো জানায়, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রেজিস্টারি মাঠ থেকে বের হওয়া র্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুনে র্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, স্বৈরাচার উৎখাতের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশকে পুনরুদ্ধার ও কাক্সিক্ষত রাষ্ট্র গঠনের লক্ষ্যে জনগণ বিপুল প্রত্যাশা নিয়ে বিএনপি ও দলের নেতা তারেক রহমানের ওপর দায়িত্ব ন্যস্ত করেছে। তিনি বলেন, আগামী দিনে আমাদের মূল কাজ একটাই- সবকিছুর আগে বাংলাদেশ। দেশের স্বার্থ ও জনগণের কল্যাণকে সবার ওপরে রেখে আমাদের কাজ করে যেতে হবে।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী এবং জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম। এ সময় মহানগর বিএনপি ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফেনী অফিস জানায়, ফেনীতে আলোচনা সভা ও দোয়ার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের মিড টাউন রেস্টুরেন্টে জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্যসচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, গাজী হাবিবউল্লাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা আহ্বায়ক ফজলুর রহমান বকুল ও সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা যুবদলের সদস্যসচিব নইম উল্লাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, কৃষক দলের জেলা সভাপতি জসিম উদ্দিন, মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজি ও জেলা তাঁতী দলের সভাপতি সরোয়ার জাহান শ্রাবণ। অনুষ্ঠানের শুরুতে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
আলহাজ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং আলহাজ হোসনেয়ারা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ছাত্র-শিক্ষক অভিভাবকদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। খতমে কুরআন, মিলাদ মাহফিল, বিশেষ মুনাজাত এবং আলোচনা সভার মাধ্যমে বার্ষিকী পালিত হয়। উত্তর কাট্টলী ১০নং ওয়ার্ড বাগানবাড়ী অত্র শিক্ষাপ্রতিষ্ঠান মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুজহাত নুয়েরী। প্রধান অতিথি ছিলেন ১০নং উত্তর কাটলী ওয়ার্ড বিএনপি আহ্বায়ক আলহাজ রফিক উদ্দিন চৌধুরী। আলোচনা করেন ১০নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফি, পাহাড়তলী থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আইয়ুব খান, যুবদলের সাবেক নেতা নওশাদ আলী, ১০নং ওয়ার্ড বিএনপির সদস্য শাহজাহান, বিএনপি নেতা সিরাজ উদ্দিন চৌধুরী বাবুল, সদস্য বিএনপি ১০নং ওয়ার্ড মোহাম্মদ বাবুল উদ্দিন, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো: কামাল উদ্দিন পারভেজ, বিএনপি নেতা তাজউদ্দিন লিটন, এন এম নাজিম উদ্দিন, মোহাম্মদ মফিজুর রহমান, আলমগীর হোসেনসহ অন্যরা।



