এক টাকায় গরুর গোশত পেল ৪০ অসহায় পরিবার

Printed Edition

নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যের বাজারে যখন নিম্নআয়ের মানুষের সংসারে টানাপোড়েন, তখন তাদের পাশে দাঁড়িয়েছে মানবিক সেবা ফাউন্ডেশন। অসহায় মানুষের আত্মমর্যাদা অক্ষুণœ রেখে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিতে নাটোরের বড়াইগ্রামের গড়মাটি এলাকায় আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী এক টাকার মানবিক বাজারের। গত শনিবার আয়োজিত এ বাজারে ৩০ জন ভ্যান-রিকশাচালক ও ১০ জন দুস্থ নারীসহ মোট ৪০টি অসহায় পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয় প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। প্রত্যেক উপকারভোগী মাত্র এক টাকার বিনিময়ে পেয়েছেন ৫০০ গ্রাম গরুর গোশসত, ৫০০ গ্রাম সয়াবিন তেল, এক কেজি আলু ও এক কেজি বাসমতি চাল। মাত্র এক টাকার বিনিময়ে প্রায় ৬০০ টাকা মূল্যের খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীদের মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের হাসি। আয়োজকরা জানান, বিনামূল্যে সহায়তা দেয়ার পরিবর্তে প্রতীকী এক টাকা নেয়ার মূল উদ্দেশ্য হলো সহায়তা গ্রহণকারী যেন নিজেকে অসহায় বা ভিক্ষুক মনে না করেন। খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগী আলেয়া বেগম বলেন, কোরবানির ঈদের পর আর গরুর গোশত খাওয়া হয়নি। আজ মাত্র এক টাকার বিনিময়ে গরুর গোশতসহ অন্যান্য সামগ্রী পেয়ে খুব ভালো লাগছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শাহাদাত হোসেন সুমন বলেন, প্রতি মাসে একবার এই মানবিক বাজারে এক টাকায় পণ্য বিক্রি করা হবে। বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা।