সিলেট ব্যুরো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ইতিহাসে ত্যাগী মানুষেরাই সফলতার নজির স্থাপন করেছেন। তিনি বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের আদর্শ, শৃঙ্খলা, তাকওয়া ও আত্মত্যাগের গুণে সমৃদ্ধ হয়ে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করতে হবে।
গতকাল শুক্রবার সিলেট মহানগরীর শাহপরান পূর্ব থানা জামায়াত আয়োজিত কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, কর্মীদের নিয়মিত অধ্যয়ন, আত্মশুদ্ধি ও সাংগঠনিক দায়িত্ব পালনের মাধ্যমে দক্ষ ও আদর্শবান জনশক্তি হিসেবে গড়ে উঠতে হবে। থানা আমির শামীম আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী। দারসুল কুরআন পেশ করেন মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।
এ সময় মাওলানা ফয়জুর রহমান, মঞ্জুর রহমান, মাওলানা শাহ মাহমুদুল হক ও নাসির উদ্দিন চৌধুরীসহ থানা ও বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল এবং কর্মীরা উপস্থিত ছিলেন।



