সরকারের প্রথম ৬ মাসেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ব্যাপক অগ্রগতি হয়েছে : বিমানমন্ত্রী

Printed Edition
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম মানিকগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালিতে অংশ নেন : পিআইডি
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম মানিকগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালিতে অংশ নেন : পিআইডি

নিজস্ব প্রতিবেদক

‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে বর্তমান সরকার দেশকে এগিয়ে নেয়ার কাজ করে যাচ্ছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের স্বপ্রণোদিত হয়ে আরো সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

গতকাল মানিকগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’- এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের মতো মানিকগঞ্জেও জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণ্যাঢ্য র‌্যালি বের হয়। পরে মন্ত্রী পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। অনুষ্ঠানে মন্ত্রী বিমান ও পর্যটন খাতের উন্নয়ন প্রসঙ্গে বলেন, বর্তমান সরকারের প্রথম ছয় মাসেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ব্যাপক অগ্রগতি হয়েছে। বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সরকার উদ্যোগ নিয়েছে। জুলাই যোদ্ধাদের প্রতি সম্মানার্থে পর্যটন করপোরেশনের অধীনে হোটেল মোটেল এবং বিমান ভাড়ায় বিশেষ প্রনোদনা দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে। পাশাপাশি প্রবাসীদের জন্য ন্যায্য বিমান ভাড়া নিশ্চিত করতেও সরকার কাজ করছে।