মুম্বাইয়ে ভবন ধসে শিশুসহ নিহত ৬

Printed Edition

টাইমস অব ইন্ডিয়া

ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাইয়ে একটি জরাজীর্ণ আবাসিক ভবন ধসে পাঁচ শিশুসহ অন্তত ছয়জনের প্রাণহানি ঘটেছে। এর পাশাপাশি গত কয়েকদিন ধরে চলা অতিভারী বর্ষণে শহরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় চরমভাবে ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগব্যবস্থা। উদ্ভূত দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে মহানগরের সব স্কুল ও কলেজ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

মুম্বাইয়ের পূর্বাঞ্চলীয় এলাকায় গত রোববার একটি পুরনো কলোনির বহুতল ভবন ধসে পড়লে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ধসে পড়া কংক্রিটের স্তূপের নিচে বহু বাসিন্দা আটকা পড়েন। উদ্ধার অভিযান ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন মুম্বাইয়ের মেয়র রিতু তাওদে। প্রবল বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি পুরো শহরের স্বাভাবিক জীবনযাত্রা কার্যত স্থবির হয়ে পড়েছে। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বাণিজ্যনগরী মুম্বাইয়ে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সোমবারের জন্য পুরো শহরজুড়ে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে প্রশাসন। আবহাওয়া অধিদফতর আগামী কয়েকদিন আরো ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেয়ায় জলমগ্নতার আশঙ্কায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি দেয়া হয়েছে। মেয়র রিতু তাওদে নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন এবং প্রবল বাতাসে গাছপালা ভেঙে পড়ার ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন।

সাধারণত ভারতের কৃষি ও শিল্প খাতের জন্য এই মৌসুমি বৃষ্টিপাত অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশটিতে চরম আবহাওয়ার ঘটনা ক্রমাগত বাড়ছে। এর আগে দুই কোটিরও বেশি মানুষের এই মেগাসিটি তীব্র তাপদাহ ও তীব্র পানির সঙ্কটের মুখোমুখি হয়েছিল।