সাক্ষাৎকারে কঠিন প্রশ্নে মেজাজ হারালেন ট্রাম্প

Printed Edition

বিবিসি

মার্কিন সংবাদমাধ্যম এনবিসির ‘সানডে’স মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাক্ষাৎকার দেয়ার সময় মেজাজ হারিয়ে মাঝপথেই উঠে চলে গেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপস্থাপক ও সাংবাদিক ক্রিস্টেন ওয়েলকারের কড়া প্রশ্ন ও একের পর এক পাল্টা চ্যালেঞ্জের মুখে ক্ষুব্ধ হয়ে তিনি সাক্ষাৎকারটি বর্জন করেন।

গত শুক্রবার রেকর্ড করা এবং রোববার প্রচারিত এই সাক্ষাৎকারে শুরুর ৫০ মিনিট পর হুট করেই উঠে যান ট্রাম্প। ঘটনার সময় ট্রাম্প দাবি করেন, ক্যালিফোর্নিয়ার চলমান প্রাইমারি (প্রাথমিক বাছাই) নির্বাচন এবং ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন দুটিই ‘কারচুপিতে’ ভরা ছিল। ক্রিস্টেন তখন তার কাছে এর প্রমাণ চাইলে ট্রাম্প বলেন, ‘আমাকে দেখতে হয়। আর আমি যা শুনি, সেটাও বিবেচনা করি।’ জবাবে ক্রিস্টেন বলেন, ‘এটা তো কোনো প্রমাণ হতে পারে না।’ এতেই চটে গিয়ে ট্রাম্প প্রচলিত সংবাদমাধ্যমকে ‘অসাধু’ বলে মন্তব্য করেন এবং বলেন, ‘দুঃখিত, এখানেই শেষ করি। যথেষ্ট হয়েছে।’

দীর্ঘ দিন ধরেই প্রচলিত সংবাদমাধ্যমের সাথে ট্রাম্পের সম্পর্ক বিরোধপূর্ণ এবং তিনি প্রায়ই গণমাধ্যমের বিরুদ্ধে ‘পক্ষপাতদুষ্ট আচরণের’ অভিযোগ তোলেন। এই সাক্ষাৎকারের বড় অংশজুড়ে ছিল ইরানে চলমান যুদ্ধ। ট্রাম্প জোর দিয়ে বলেন, তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নেয়া দরকার এবং এই সঙ্ঘাত কখনোই ‘অন্তহীন যুদ্ধ’ হবে না।